সুদানে আরএসএফের ড্রোন হামলায় নিহত ২৭

Printed Edition

এএফপি

সুদানের আধাসামরিক বাহিনী র্যা পিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর সিনজায় সেনাবাহিনীর একটি ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে। এতে অন্তত ২৭ জন নিহত হয়েছেন বলে সামরিক ও স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।

পোর্ট সুদান থেকে পাঠানো খবরে বলা হয়, সিন্নার রাজ্যের রাজধানী সিনজা খার্তুম থেকে প্রায় ৩০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত। এ হামলার ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং সেনা ঘাঁটির নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে। সেনাবাহিনী-নিয়ন্ত্রিত পূর্বাঞ্চলের সাথে জাতীয় রাজধানী খার্তুমকে যুক্ত করা একটি গুরুত্বপূর্ণ কৌশলগত সড়কের পাশেই নগরীটির অবস্থান। পূর্বাঞ্চলীয় নগরী পোর্ট সুদানকে যুদ্ধকালীন প্রশাসনিক ঘাঁটি হিসেবে প্রায় তিন বছর ব্যবহার করার পর সেনাবাহিনী সমর্থিত সরকার খার্তুমে ফিরে আসার ঘোষণা দেয়ার এক দিন পরই এ হামলা চালানো হয়। ২০২৪ সালের শেষ দিকে সেনাবাহিনী একটি বৃহত্তর সামরিক অভিযানের অংশ হিসেবে সিনজা পুনর্দখল করার পর এলাকাটি দীর্ঘদিন তুলনামূলকভাবে সঙ্ঘাতমুক্ত ছিল। ওই অভিযানের ধারাবাহিকতায় পরে খার্তুমও আবার সেনাবাহিনীর নিয়ন্ত্রণে আসে।

নাম প্রকাশ না করার শর্তে এক সামরিক সূত্র এএফপিকে জানায়, আরএসএফের ড্রোনগুলো সিনজায় অবস্থিত সেনাবাহিনীর ১৭তম পদাতিক ডিভিশনের সদর দফতরকে লক্ষ্য করে হামলা চালায়। সিন্নার রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ইব্রাহিম আল-আওয়াদ জানান, হামলায় আরো অন্তত ৭৩ জন আহত হয়েছেন।