মিরাজরা পেরেছেন জ্যোতিরা পারবেন তো

বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ১-১ এ ড্র থাকার পর গত বৃহস্পতিবার চট্টগ্রামে ২-১ এ সিরিজ জিতে নেয় মেহেদী হাসান মিরাজের দল। একই অবস্থা বাংলাদেশ নারী দলের। বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজে প্রথম দুই ওয়ানডে শেষে বাংলাদেশ ও লঙ্কান নারী দলের মধ্যকার তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা। তাই তৃতীয় ও শেষ ওয়ানডেটি এখন সিরিজ নির্ধারণী ম্যাচ। এ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতবে। তাতেই ভক্তকুলের মাঝে জিজ্ঞাসা, পুরুষ দলের অধিনয়ক মিরাজ বাহিনী পেরেছেন, টাইগ্রেসদের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বাহিনাী পারবেন তো ! সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে আজ তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ওয়ানডে শুরু হবে সকাল ৯টা ৩০ মিনিটে।

রাজশাহীতে সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ৩ উইকেটে হারায় টাইগ্রেসরা। এর মাধ্যমে ওয়ানডেতে লঙ্কানদের বিপক্ষে প্রথম জয়ের স্বাদ পায় টাইগ্রেসরা। আগের চার ম্যাচের মধ্যে ৩টিতেই হারে বাংলাদেশ। অন্য একটি ম্যাচ পরিত্যক্ত হয়। চলতি সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারে ৯ উইকেটে ২০৫ রান করে শ্রীলঙ্কা। বল হাতে ৩৬ রানে ৩ উইকেট নেন রিতু মনি। জবাবে শারমিন আক্তারের ১২৭ বলে ১৩ চারে ৮৬ রানের সুবাদে ৯ বল বাকী থাকতে জয় পায় বাংলাদেশ।

একই ভেনুতে দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কার কাছে ৪ উইকেটে হারে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে ৪৫.৫ ওভারে ১৬৫ রানে অলআউট হয় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৫৮ রান করেন অধিনায়ক নিগার সুলতানা। জবাবে ১৬৬ রানের টার্গেট ৭০ বল বাকী রেখেই স্পর্শ করে শ্রীলঙ্কা। ২১ রানে ৪ উইকেট নেন নাহিদা।