আবারো পুরনো লেখালেখির জীবনে ফিরে যাবো - পররাষ্ট্র উপদেষ্টা

Printed Edition

কূটনৈতিক প্রতিবেদক

প্রায় দেড় বছর দায়িত্ব পালনের পর পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

যাওয়ার সময় তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, আমি পুরোনো জীবনে ফিরে যাবো। কিছু লেখালেখি করবো। সে সুবাদে আবারো আপনাদের সাথে কথাবার্তা হতে পারে। ভালোমন্দ মিলিয়ে তো দেড় বছর কেটে গেলো।

গতকাল দুপুরে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ শেষে বিদায় নেন তৌহিদ হোসেন। মন্ত্রণালয়ের সচিব আসাদ আল সিয়ামসহ অন্যান্য কর্মকর্তা তাকে বিদায় জানান। শেষে পররাষ্ট্র উপদেষ্টা মন্ত্রণালয়ের বাইরে গিয়ে কর্মকর্তাদের সাথে ফটোসেশনে অংশ নেন।

তৌহিদ হোসেন ২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন। এর আগে পেশাদার কূটনীতিক হিসেবে তিনি ২০০৬ সালের ডিসেম্বর থেকে ২০০৯ সালে জুলাই পর্যন্ত বাংলাদেশের পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮১ থেকে ২০১৪ সাল পর্যন্ত কর্মজীবনের তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়সহ বিদেশে বিভিন্ন মিশনে দায়িত্ব পালন করেছেন। তৌহিদ হোসেন দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের হাইকমিশনার ছিলেন এবং একই সাথে অ্যাঙ্গোলা, নামিবিয়া, বতসোয়ানা, মোজাম্বিক, জাম্বিয়া এবং জিম্বাবুয়েতেও দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি দিল্লিতে প্রথম সচিব এবং কলকাতায় ডেপুটি হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তৌহিদ হোসেন ২০১৪ সালের জানুয়ারিতে চাকরি থেকে অবসর গ্রহণ করেন।