আলুর বস্তার ওজন কমানোর দাবিতে শ্রমিকদের মানববন্ধন

Printed Edition

রাজশাহী ব্যুরো

রাজশাহী কোল্ডস্টোরেজে আলু লোড-আনলোডের সময় বস্তার ওজন ৫০ কেজির বেশি বহন করানো যাবে না, এমন দাবিতে রাজশাহীর পবা উপজেলায় স্মারকলিপি প্রদান, সংবাদ সম্মেলন ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে শ্রমিকরা।

হাইকোর্টের নির্দেশনা দ্রুত বাস্তবায়নের দাবিতে গতকাল মঙ্গলবার দুপুরে নওহাটা পৌরসভার বায়া বাজার এলাকায় এসব কর্মসূচি পালন করে পবা উপজেলা লোড-আনলোড কুলি শ্রমিক ইউনিয়ন। কর্মসূচির শুরুতে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসক আফিয়া আখতারের কাছে স্মারকলিপি দেন শ্রমিক ইউনিয়নের নেতারা। পরে ইউনিয়নের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইউনিয়নের সাধারণ সম্পাদক মোর্তুজা। তিনি বলেন, ২০১৭ সালে সাধ্যের অতিরিক্ত ভার বহনের কারণে কুলি শ্রমিকদের শারীরিক ক্ষতি ও ঝুঁকির বিষয়টি সামনে এনে হাইকোর্টে একটি মামলা করা হয়। মামলার পরিপ্রেক্ষিতে আদালত রুল জারি করে নির্দেশ দেন, নারী শ্রমিক সর্বোচ্চ ৩০ কেজি এবং পুরুষ শ্রমিক সর্বোচ্চ ৫০ কেজির বেশি ভার বহন করতে পারবেন না। এই নির্দেশনা সবার জন্য বাধ্যতামূলক হলেও বাস্তবে তা মানা হচ্ছে না। এ সময় ইউনিয়নের সহসভাপতি সেলিম উদ্দিন, সহসভাপতি শরিফুল ইসলামসহ সংগঠনের অন্য নেতাকর্মী ও সদস্যরা উপস্থিত ছিলেন।