সাবেক এমপি খালিদ মাহমুদের সম্পদ জব্দ ব্যাংক হিসাব অবরুদ্ধ

Printed Edition

আদালত প্রতিবেদক

সাবেক নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য খালিদ মাহমুদ চৌধুরীর নামে থাকা ৭০ বিঘা জমি এবং পাঁচ কাঠার একটি প্লট জব্দের (ক্রোক) আদেশ দিয়েছেন আদালত। একই সাথে তার ব্যবহৃত ৭০ লাখ ৫০ হাজার টাকা মূল্যের একটি জিপ গাড়ি, ছয়টি ব্যাংক হিসাব, সঞ্চয়পত্র ও এফডিআর অবরুদ্ধ (ফ্রিজ) করার নির্দেশ দেয়া হয়েছে।

মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ মো: সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো: রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালতের আদেশে খালিদ মাহমুদ চৌধুরীর নামে অর্জিত সব স্থাবর সম্পদ জব্দ করা হয়েছে এবং এসব সম্পত্তির সংরক্ষণ ও তত্ত্বাবধানের জন্য একজন ‘রিসিভার’ নিয়োগের নির্দেশ দেয়া হয়। পাশাপাশি তার নামে থাকা ছয়টি ব্যাংক হিসাবসহ সব ধরনের আর্থিক বিনিয়োগ অবরুদ্ধ থাকবে, যাতে কোনো অর্থ উত্তোলন বা স্থানান্তর করা না যায়।

মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক খোরশেদ আলম আদালতে আবেদন করে উল্লেখ করেন, খালিদ মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের প্রাথমিক তথ্য পাওয়া গেছে। তদন্তকালে জানা যায়, তিনি এসব সম্পদ গোপনে হস্তান্তর কিংবা মালিকানা পরিবর্তনের মাধ্যমে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। মামলার সুষ্ঠু তদন্ত ও রাষ্ট্রীয় স্বার্থ রক্ষায় সম্পদগুলো জব্দ ও অবরুদ্ধ করা জরুরি বলে আবেদনে উল্লেখ করা হয়।

গত বছরের ৮ এপ্রিল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম বাদি হয়ে খালিদ মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।