২৫ বছরের সঞ্চয়ে সেতু নির্মাণ করলেন আব্দুল করিম

Printed Edition
bangla-2
ভ্যানচালক আব্দুল করিমের নিজ টাকায় নির্মিত সেতু : নয়া দিগন্ত

মো: মুরাদ হোসেন মণ্ডল উলিপুর (কুড়িগ্রাম)

কুড়িগ্রামের উলিপুরে বুড়ি তিস্তা নদীর ওপর নিজ অর্থায়নে কাঠের সেতু নির্মাণ করে স্থানীয় মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব করেছেন আব্দুল করিম (৪৫) নামে এক মানবিক মানুষ। প্রায় ২৫ বছরের সঞ্চিত অর্থ ব্যয় করে তিনি ১২০ ফুট দৈর্ঘ্যরে এই সেতু নির্মাণ করেন। তার এ উদ্যোগে আশপাশের বহু গ্রামের হাজারো মানুষ এখন উপকৃত হচ্ছেন।

স্থানীয়রা জানান, উলিপুর রেলস্টেশন সংলগ্ন দক্ষিণাংশে দীর্ঘদিন ধরে একটি জরাজীর্ণ রেলসেতুই ছিল পারাপারের একমাত্র ভরসা। ঝুঁকিপূর্ণ ওই সেতু দিয়ে প্রতিদিন চলাচল করতেন জোনাইডাঙ্গা, মণ্ডলপাড়া, সরদারপাড়া, কাঠাখালি, তবকপুরসহ আশপাশের ১৫-২০টি গ্রামের কয়েক হাজার মানুষ। বিশেষ করে শিক্ষার্থী, রোগী ও সাধারণ পথচারীদের জন্য এটি ছিল চরম ভোগান্তির কারণ।

স্থানীয়দের অভিযোগ, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দফতরে একাধিকবার যোগাযোগ করা হলেও কার্যকর কোনো উদ্যোগ নেয়া হয়নি। এতে বাধ্য হয়ে নিজেই উদ্যোগ নেন জোনাইডাঙ্গা এলাকার বাসিন্দা আব্দুল করিম।

ভ্যান চালানো, দারোয়ানের চাকরি ও কুলির কাজ করে দীর্ঘদিনের জমানো অর্থ দিয়ে তিনি সেতু নির্মাণের কাজ শুরু করেন। পরে অর্থের ঘাটতি পূরণে নিজের মোটরসাইকেল ও গবাদিপশু বিক্রি করেন। পাশাপাশি ঋণ নিয়ে প্রায় চার লাখ টাকা ব্যয়ে সেতুটির নির্মাণকাজ সম্পন্ন করেন তিনি।

গত ১৭ এপ্রিল তার মায়ের মাধ্যমে সেতুটির উদ্বোধন করা হয় এবং এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। এলাকাবাসী ভালোবেসে সেতুটির নাম দিয়েছেন ‘আব্দুল করিম সেতু’।

স্থানীয় শিক্ষার্থী রোকেয়া আক্তার বলেন, আগে রেলসেতু দিয়ে স্কুলে যাওয়া খুবই ঝুঁকিপূর্ণ ছিল। নতুন সেতু হওয়ায় এখন নিরাপদে যাতায়াত করতে পারছি। পথচারী এসমোতারা বলেন, যোগাযোগ ব্যবস্থার অভাবে দীর্ঘদিন আত্মীয়ের বাড়ি আসা সম্ভব হয়নি। নতুন সেতু নির্মাণের ফলে এখন সহজেই যাতায়াত করা যাচ্ছে।

আব্দুল করিম বলেন, ‘মানুষের কষ্ট দেখে চুপ থাকতে পারিনি। নিজের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি। এর বিনিময়ে আমি শুধু সবার দোয়া চাই।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদি হাসান বলেন, ‘নিজ উদ্যোগে জনগণের জন্য এমন একটি সেতু নির্মাণ নিঃসন্দেহে প্রশংসনীয়। এটি সমাজের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত।’