দর্শনার কুন্দিপুরে গৃহবধূ ও যুবককে গাছে বেঁধে নির্যাতন, এলাকায় ক্ষোভ
Printed Edition
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা
চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন নেহালপুর ইউনিয়নের কুন্দিপুর গ্রামে পরকীয়ার অভিযোগে এক গৃহবধূ ও এক যুবককে প্রকাশ্যে গাছে বেঁধে অপমান ও নির্যাতনের ঘটনা ঘটেছে। গত বুধবার সন্ধ্যায় এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগীরা হলেন, কুন্দিপুর গ্রামের মো: আরিফের স্ত্রী আসমা বেগম (২৫) এবং একই গ্রামের আহমদ আলীর ছেলে সপন (২৮)। স্থানীয় সূত্রে জানা যায়, অভিযোগ তুলে এলাকাবাসীর একাংশ তাদের আটক করে চুল কেটে, গলায় জুতার মালা পরিয়ে গাছের সাথে বেঁধে রাখে। এ সময় সেখানে উৎসুক জনতা ভিড় করে এবং কেউ কেউ ভিডিও ধারণ করে বলে অভিযোগ রয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দু’জনকে উদ্ধার করে হেফাজতে নেয়। দর্শনা থানার ওসি মেহেদী হাসান বলেন, ‘খবর পেয়ে সাথে সাথে পুলিশ পাঠানো হয়েছে। আইন নিজের হাতে তুলে নেয়ার কোনো সুযোগ নেই। কাউকে মারধর বা অপমান করা সম্পূর্ণ বেআইনি।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা উবায়দুর রহমান সাহেল বলেন, ‘শাস্তিযোগ্য কোনো অপরাধ হলে তা আইনশৃঙ্খলা বাহিনী ও আদালতের মাধ্যমে বিচার হবে। সামাজিকভাবে কাউকে হেয় প্রতিপন্ন করা দণ্ডনীয় অপরাধ। ভুক্তভোগীরা চাইলে আইনগত ব্যবস্থা নিতে পারেন।’ এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছে পুলিশ। সচেতন মহল ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার দাবি জানিয়েছে।