ডেঙ্গু বাড়ছে : একদিনে ভর্তি ৭২৬ সবচেয়ে বেশি ঢাকা বিভাগে
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
ডেঙ্গু রোগী বেড়ে চলেছে। আরো ৭২৬ জন নতুন করে হাসপাতাল ভর্তি হয়েছে গত ২৪ ঘণ্টায়। তবে জুলাই মাসের সাথে তুলনা করলে গতকাল পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুর হার কম। কিন্তু হাসপাতালে ভর্তির দিকে আগস্টের ১০ দিনে জুলাই মাসের তুলনায় বেশি ভর্তি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কোনো মৃত্যু ছিল না। ঢাকা বিভাগে বিভাগীয় পর্যায়ে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
বাংলাদেশে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু মৌসুম। এই সময়ের মধ্যে বেশি বৃষ্টি হয়ে থাকে। সে কারণে এই ৩ মাসে সবচেয়ে বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে থাকে এবং মৃত্যুটাও ওই ৩ মাসে সবচেয়ে বেশি হয়ে থাকে। চিকিৎসকরা বলছেন, আবহাওয়ার বিশেষ বৈশিষ্ট্য ও অনুকূল পরিবেশ থাকার কারণে বাংলাদেশ ডেঙ্গু প্রবণ দেশ হয়ে উঠেছে। বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা: এ কে এম সাজেদুর রহমান বলেন, ডেঙ্গুতে দ্বিতীয় বার আক্রান্ত হলে শরীরের জন্য মারাত্মক হয়ে থাকে। তখন অবশ্যই হাসপাতালে চিকিৎসা নিতে হয়। হাসপাতালে ভর্তি হলে অনেকগুলো পরীক্ষা-নিরীক্ষা করতে হয়, অর্থ খরচ হয়ে থাকে। কিন্তু এসব কিছুই লাগবে না যদি সচেতন থাকে। ঘরে ডেঙ্গুর পরিবেশ তৈরি না হয় সে জন্য ঘর পরিষ্কার করে রাখতে হবে।
গত রোববার সকাল ৮টা থেকে গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত দেশে ৭২৬ জন মানুষ হাসপাতালে ভর্তি হলেও এটা প্রকৃত সংখ্যা নয়। আরো অনেক বেশি আক্রান্ত হয় কিন্তু সবাই হাসপাতালে ভর্তি হয় না। আবার ডেঙ্গুর আক্রান্তদের নিজেদের চিকিৎসায় কাজ না হলেই কেবল হাসপাতালে যায়। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৩৪৬ জন, চট্টগ্রাম বিভাগে ৮১ জন, রাজশাহী বিভাগে ৬৫ জন, খুলনা বিভাগে ১০৭ জন, ময়মনসিংহ বিভাগে ৩৭ জন, বরিশাল বিভাগে ৭৫ জন এবং সিলেট বিভাগে ৫ জন। স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী গতকাল দেশে কোনো ডেঙ্গু রোগীর মৃত্যু হয়নি।