ধর্মপাশায় বোরো ধান কর্তন উৎসব, বাম্পার ফলনে কৃষকের হাসি
Printed Edition
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বোরো ধান কর্তন উৎসবের মধ্য দিয়ে হাওরাঞ্চলের কৃষকদের মুখে ফিরেছে স্বস্তির হাসি। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে গতকাল শুক্রবার (১৭ এপ্রিল) বেলা ১১টায় পাইকুরাটি ইউনিয়নের সুনই গ্রামের আতলা বিলে আনুষ্ঠানিকভাবে এই উৎসবের উদ্বোধন করা হয়। বেখইজোড়া গ্রামের কৃষক ইব্রাহিম মিয়ার জমিতে ধান কেটে উৎসবের সূচনা করেন অতিথিরা। চলতি মৌসুমের শুরুতে টানা বৃষ্টিতে হাওরের নিচু এলাকার প্রায় এক হাজার ৭০০ একর জমির কাঁচা ও আধাপাকা ধান পানিতে তলিয়ে যায়। এতে কৃষকদের মধ্যে শঙ্কা দেখা দিলেও মৌসুমের শেষ ভাগে আবহাওয়া অনুকূলে থাকায় সামগ্রিকভাবে বাম্পার ফলন হয়েছে বলে জানিয়েছেন কৃষকরা। অনেক ক্ষেত্রেই উৎপাদন নির্ধারিত লক্ষ্যমাত্রাকেও ছাড়িয়ে গেছে। ধান কর্তন উৎসবে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায়, সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ, উপজেলা কৃষি কর্মকর্তা রাহাত, পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। গিয়াস উদ্দিন রানা ধর্মপাশা (সুনামগঞ্জ)।