বিএনপি জুলাইয়ের চেতনা থেকে সরে এসেছে : গোলাম পরওয়ার

Printed Edition
back-1
রাজধানীর কাজলায় জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সমাবেশে বক্তব্য রাখেন গোলাম পরওয়ার : নয়া দিগন্ত

নিজস্ব প্রতিবেদক

জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস ও চেতনা থেকে বিএনপি সরে এসেছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি দাবি করেন, ৩৬ জুলাই উপলক্ষে বিএনপির কোনো দলীয় কর্মসূচি না থাকা তাদের অবস্থানেরই প্রতিফলন। একই সাথে তিনি জুলাই সনদ বাস্তবায়ন, রাষ্ট্র সংস্কার এবং গণহত্যার বিচার দ্রুত সম্পন্নের দাবি জানান। সোমবার জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গোলাম পরওয়ার বলেন, জুলাই আন্দোলনের উদ্দেশ্য কেবল সরকার পরিবর্তন নয়, বরং রাষ্ট্রব্যবস্থার মৌলিক সংস্কার এবং বৈষম্যহীন, মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা। তার দাবি, বিএনপি এখন সেই সংস্কারের প্রশ্ন থেকে সরে এসেছে। তিনি বলেন, সংসদে সরকারের এক মন্ত্রীর বক্তব্য থেকেই বোঝা যায়, সংস্কারের বিষয়ে বিএনপির অবস্থান নির্বাচনকেন্দ্রিক ছিল। তিনি আরো বলেন, গণভোটে জনগণ যে রায় দিয়েছে, তার ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়ন করা উচিত। সংস্কার প্রশ্নে যে রাজনৈতিক সঙ্কট সৃষ্টি হয়েছে, তা নিরসনের দায়িত্বও বিএনপির বলে মন্তব্য করেন তিনি। একই সাথে তিনি অভিযোগ করেন, দেশে এখনো চাঁদাবাজি, দখল, দুর্নীতি ও অনিয়ম বন্ধ হয়নি।

জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি বলেন, জুলাই বিপ্লব রাষ্ট্র সংস্কার ও বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সংঘটিত হয়েছে। তিনি দাবি করেন, এটি কোনো রাজনৈতিক দলকে ক্ষমতায় আনার আন্দোলন ছিল না। তিনি সরকারকে দলীয়করণ পরিহার করে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেয়ার আহ্বান জানান।

সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ বলেন, রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দলীয় প্রভাবমুক্ত রাখতে প্রয়োজনীয় সংস্কার জরুরি। তিনি অভিযোগ করেন, প্রশাসনে আবারো দলীয় বিবেচনায় নিয়োগ দেয়া হচ্ছে। সভায় ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো: নূরুল ইসলাম বুলবুল এমপি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের আকাক্সক্ষা বাস্তবায়নে রাষ্ট্র সংস্কার এবং গণহত্যার বিচার দ্রুত সম্পন্ন করা প্রয়োজন। ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় জামায়াতের কেন্দ্রীয় ও মহানগর নেতারা, শহীদ পরিবারের সদস্য এবং আন্দোলনে আহত ব্যক্তিরাও বক্তব্য দেন।