পেশকারের বিরুদ্ধে রাজস্ব আত্মসাতের অভিযোগ
Printed Edition
কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা
পিরোজপুরের কাউখালী উপজেলা ভূমি অফিসে ডিসিআর (ডুপ্লিকেট চালান রেজিস্টার) ব্যবহারের মাধ্যমে সরকারি রাজস্ব আত্মসাতের অভিযোগ উঠেছে পেশকারের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে ইতোমধ্যে ভূমি অফিসের পেশকার আলী আজগরের বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করেছে কাউখালী উপজেলা প্রশাসন।
জানা গেছে, চান্দিনা ভিটির লিজমানি আদায়ের জন্য কয়েকটি ডিসিআর বহি পেশকার আলী আজগরের কাছে হস্তান্তর করা হয়। অভিযোগ রয়েছে, তিনি এসব বহির রসিদ ব্যবহার করে গ্রাহকদের কাছ থেকে প্রায় তিন লাখ ৩৬ হাজার ৩০০ টাকা আদায় করলেও তা নির্ধারিত সময়ে সরকারি কোষাগারে জমা দেননি। বরং কোনো প্রকার অনুমোদন বা কর্তৃপক্ষকে অবহিত না করেই টাকা নিজের হেফাজতে রেখে আত্মসাৎ করার অভিযোগ উঠেছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই তিনি ডিসিআর বহি ব্যবহার অব্যাহত রাখেন, যা সরকারি বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন। এদিকে, চলতি অর্থবছরে রাজস্ব আদায়ের হার অস্বাভাবিকভাবে কমে যাওয়ায় বিষয়টি প্রশাসনের নজরে আসে। উপজেলা নির্বাহী অফিসার রাজস্ব আদায় ও জমার হিসাব পর্যালোচনা করতে গিয়ে ডিসিআর বহিতে আদায় ও জমার মধ্যে বড় ধরনের গরমিল দেখতে পান।
পরবর্তীতে বিষয়টি তদন্ত করে প্রাথমিকভাবে রাজস্ব ফাঁকির আশঙ্কা নিশ্চিত হওয়ায় উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) (অতিরিক্ত দায়িত্ব) মো: আসাদুজ্জামান অভিযুক্ত পেশকারের কাছে ব্যাখ্যা চান। তবে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হওয়ায় তার বিরুদ্ধে ‘কেন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না’, এ মর্মে শোকজ নোটিশ প্রদান করা হয়।