হাম উপসর্গে আরো ৪ জনের মৃত্যু

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

সারা দেশে হাম ও উপসর্গ নিয়ে শনিবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরো ৪ শিশুর মৃত্যু হয়েছে। তারা সবাই উপসর্গে মারা গেছে। এর মধ্যে ঢাকায় দুই, সিলেটে এক ও ময়মনসিংহে এক শিশু মারা গেছে। এ সময় নতুন করে হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছে এক হাজার ৫৭ জন। এর মধ্যে হাম শনাক্ত হয়েছে ১১৬ শিশুর। গতকাল স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গ নিয়ে এখন পর্যন্ত সারা দেশে মোট ৭১২ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৯৩ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬১৯ জন। একই সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ১১ হাজার ৭১০ জনের। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৯৯ হাজার ২০৭ জন। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ৮২ হাজার ৮৪৪ শিশু, আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ৭৯ হাজার ১৫২ শিশু। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। এ বিভাগে হাম ও উপসর্গ নিয়ে মারা গেছে ৩২৩ জন, আক্রান্ত হয়েছে ৫৩ হাজার ৪১০ জন।

মমেকে হাম উপসর্গে মৃত্যুবেড়ে ৫৯ : ময়মনসিংহ অফিস জানায়, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরো এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে হাম ও উপসর্গ নিয়ে এই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯ জনে।

এদিকে একই সময়ে হামের উপসর্গ নিয়ে নতুন করে আরো ২৬ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৯ শিশু। বর্তমানে হাসপাতালের শিশু ওয়ার্ডে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে ১০০ শিশু। গতকাল মমেক হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মো: মাইনউদ্দিন খান এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মারা যাওয়া শিশুটির বয়স সাত মাস। বাড়ি কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায়। হামের পাশাপাশি শিশুটি নিউমোনিয়ায়ও আক্রান্ত ছিল।

সিলেটে আরো এক শিশুর মৃত্যু : সিলেট ব্যুরো জানায়, সিলেটে হাম উপসর্গে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যাওয়া ৭ মাসের শিশু ফারিয়ান সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার বাসিন্দা। এ নিয়ে সিলেট বিভাগে হামে ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০ জনে। এ দিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে ল্যাব পরীক্ষায় একজনের হাম শনাক্ত হয়েছে। এই সময়ে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৫৭ জন। গতকাল সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: মো: মাহবুবুল আলম এ খবর নিশ্চিত করেন।