রেকর্ড ৭১ ক্লাব নিয়ে জাতীয় আরচ্যারী
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
তারকা আরচার আবুল কাশেম মামুন এবং শ্যামলী রায় একসময় পুলিশে খেলতেন। পুলিশের ক্লাব বন্ধ হয়ে যাওয়ায় এখন তারা আনসারে। তারা দু’জনই নন, পুলিশের অন্য আরচাররাও খুঁজে নিয়েছেন নতুন ঠিকানা। বিকেএসপি ও সার্ভিসেসের আছে দু’টি করে দল। তাই সর্বাধিক ৭১টি ক্লাব ও সার্ভিসেস দলগুলো নিয়ে আজ থেকে টঙ্গীর আরচ্যারী মাঠে শুরু হচ্ছে তীর জাতীয় আরচ্যারী চ্যাম্পিয়নশিপের খেলা। চার দিনব্যাপী প্রতিযোগিতায় প্রায় চার শতাধিক আরচার পদকের জন্য লড়বেন। রিকার্ভ ও কম্পাউন্ডের ১০টি ইভেন্টে ৩০টি করে স্বর্ণ, রুপা ও ব্রোঞ্জের খেলাগুলো হবে। আর এবারই প্রথমবারের মতো ইন্ডিভিজুয়াল ইভেন্টে থাকছে প্রাইজমানি। স্বর্ণ ৫০ হাজার, রৌপ্য ২৫ হাজার ও ব্রোঞ্জ ১০ হাজার টাকা। ইভেন্টগুলো হলো- রিকার্ভ পুরুষ ও মহিলা একক, দলগত ও মিশ্র এবং কম্পাউন্ড পুরুষ ও মহিলা একক, দলগত ও মিশ্র। ২০০ জন আরচারের আবাসনব্যবস্থা রয়েছে। সার্ভিসেস দলের আরচাররা সংস্থা থেকে আসা যাওয়া করে খেলবেন। প্রাইজমানি নিয়ে সভাপতি ড. মোখলেস উর রহমান বলেন, ‘এবার আমরা একক ইভেন্টে প্রাইজমানির ধারা চালু করেছি। খেলোয়াড়দের কথা চিন্তা করেই এই অর্থপুরস্কার।’