কিশোরী-তরুণীদের সংবেদনশীল ছবি-ভিডিও বিক্রি, গ্রেফতার ৫

রাজধানীতে মাদকসহ ৮৬ জন আটক

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

হ্যাকিং ও ব্যক্তিগত ডিভাইস থেকে কিশোরী ও তরুণীদের সংবেদনশীল ছবি-ভিডিও সংগ্রহ করে তা টেলিগ্রামের প্রাইভেট চ্যানেলে বিক্রির অভিযোগে একটি সংঘবদ্ধ সাইবার অপরাধ চক্রের পাঁচজনকে গ্রেফতার করেছে রথ্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (রথ্যাব)। গতকাল সোমবার রাজধানীর কাওরান বাজারে রথ্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে রথ্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার ইন্তেখাব চৌধুরী এসব তথ্য জানান। গ্রেফতাররা হলেন- মেরাজুর রহমান আরমান, বিল্লাল হোসেন অন্তর, রবি আলম মমিন, আল আমিন ইসলাম ও হাসিব।

ইন্তেখাব চৌধুরী বলেন, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে টেলিগ্রামভিত্তিক সাইবার ব্ল্যাকমেইল ও গোপন কনটেন্ট ছড়ানোর ঘটনা সামনে আসার পর রথ্যাব অনুসন্ধান শুরু করে। যারা দেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়েদের লক্ষ্যবস্তু বানিয়ে তাদের ব্যক্তিগত ছবি ও ভিডিও সংগ্রহ, সংরক্ষণ এবং অর্থের বিনিময়ে বিক্রি করছিল। চক্রটি মূলত টেলিগ্রামের প্রাইভেট চ্যানেলের মাধ্যমে এসব কনটেন্ট সরবরাহ করত। তারা ফেসবুক অ্যাকাউন্ট বা ব্যক্তিগত ডিভাইস হ্যাকিংয়ের পাশাপাশি সম্পর্ক থেকে ছাড়াছাড়ি হওয়ার পর (ব্রেকআপ) প্রাক্তন প্রেমিকদের কাছ থেকে কনটেন্ট সংগ্রহ করত। এ ছাড়া শত্রুতাবশত গোপন তথ্য ফাঁসের ঘটনাও তাদের কনটেন্ট সংগ্রহের একটি উৎস ছিল।

এ দিকে রাজধানীর মুগদার টিটিপাড়া রেললাইন এলাকায় আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে ব্লক রেইড পরিচালনা করে ৫৮ মাদকাসক্তকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)-মতিঝিল বিভাগ। পরে আদালতে পাঠানো হলে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে কারাগারে প্রেরণ করা হয়। অন্য দিকে হাজারীবাগের বিভিন্ন অপরাধপ্রবণ বিশেষ এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২৮ জনকে আটক করেছে ডিএমপির হাজারীবাগ থানা পুলিশ। পরে তাদের আদালতে পাঠানো হয়।