অটোপাস দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসির গাড়িতে ফের হামলা

Printed Edition

গাজীপুর মহানগর প্রতিনিধি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির গাড়িতে আবারো হামলার ঘটনা ঘটেছে। অটোপাসের দাবিতে আন্দোলনরত ডিগ্রি তৃতীয়বর্ষের শিক্ষার্থীরা এ হামলা চালায় বলে জানা গেছে।

সোমবার বেলা আড়াইটায় গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ঢাকায় ফেরার পথে ভিসির বহরে এ হামলার ঘটনা ঘটে।

এর আগে, ২০২৫ সালের ২১ মে একই দাবিতে আন্দোলনরত ২০২২ সালের স্নাতক (পাস) পরীক্ষার্থীদের হামলায় প্রথমবারের মতো আহত হয়েছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। ওই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্ট মহলে উদ্বেগ বেড়েছে।

দ্বিতীয় দফায় হামলার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভিসি বলেন, শিক্ষার্থীদের অন্যায্য দাবি মেনে নেয়ার কোনো সুযোগ নেই। তিনি স্পষ্টভাবে জানান, জাতীয় বিশ্ববিদ্যালয় কোনোভাবেই অটোপাসের পক্ষে নয়।