ঝালকাঠিতে গণভোট নিয়ে জোরালো প্রচার নেই

Printed Edition

ঝালকাঠি থেকে প্রতিনিধি

জাতীয় সংসদ নির্বাচনের দিনেই সংস্কার বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন ঘনিয়ে এলেও ঝালকাঠিতে গণভোট নিয়ে পক্ষে-বিপক্ষে জোরালো প্রচার-প্রচারণা চোখে পড়ছে না। সংসদ নির্বাচন নিয়ে আলোচনা থাকলেও গণভোটের বিষয়টি সাধারণ মানুষের মধ্যে এখনো স্পষ্ট নয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে সভা-সেমিনার ও উঠান বৈঠকের মাধ্যমে সচেতনতা সৃষ্টির চেষ্টা করা হলেও তার প্রভাব সীমিত বলে মনে করছেন স্থানীয়রা।

এ দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে গোপনে ‘না’ ভোট ও ভোট বর্জনের পক্ষে প্রচার চালাচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তাদের সমর্থকেরা, এমন অভিযোগ উঠেছে। অনলাইনে জুলাই অভ্যুত্থানকে ‘সন্ত্রাস’ আখ্যা দিয়ে গণভোটকে প্রত্যাখ্যানের আহ্বান জানানো হচ্ছে।

শহরতলীর আগলপাশা এলাকার গৃহিণী ফারহানা কলি বলেন, গণভোট হবে শুনেছেন, কিন্তু এ বিষয়ে কোনো প্রচার দেখেননি। শিক্ষক এস এস শাহীন আলমের মতে, প্রশ্নগুলো জটিল হওয়ায় সহজভাবে ব্যাখ্যা দরকার। ক্ষুদ্র ব্যবসায়ী ফারুক ইসলাম জানান, গণভোট কী, তা নিয়েই তিনি অনিশ্চিত। জেলা তথ্য কর্মকর্তা লেলিন বালা বলেন, শিগগির স্কুল, হাট-বাজার ও জনসমাগমপূর্ণ এলাকায় লিফলেট, প্রদর্শনী ও বিলবোর্ড স্থাপন করে প্রচার আরো জোরদার করা হবে।