জাকের ও সৌম্যকে নিয়ে বাংলাদেশ দল ঘোষণা
বাংলাদেশের টেস্ট স্কোয়াড
Printed Edition
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহীম, জাকের আলি, মাহেদী হাসান, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, হাসান মাহমুদ, তানজিদ হাসান তামিম, অমিত হাসান, এবাদত হোসেন, মুশফিক হাসান ও তাসকিন আহমেদ।
চোট যেমন কারো জন্য হতাশার, তেমনি অন্য কারো জন্য নতুন সুযোগের দরজা খুলে যাওয়া। অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের দলেও দেখা গেল সেই চিত্র! দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে সবচেয়ে বড় আলোচনার জন্ম দিয়েছে উইকেটকিপার-ব্যাটার জাকের আলী অনিকের প্রত্যাবর্তন এবং তরুণ পেসার মুশফিক হাসানের প্রথমবারের মতো ডাক পাওয়া। অন্য দিকে চোটের কারণে প্রথম টেস্টের দলে নেই লিটন দাস, আগেই ছিটকে গেছেন পেসার নাহিদ রানা। দীর্ঘ সময় পর টেস্ট দলে ফিরেছেন ওপেনার সৌম্য সরকার।
লিটন দাসের অনুপস্থিতিতে উইকেটকিপার-ব্যাটার হিসেবে জাকের আলীকেই বেছে নিয়েছে টিম ম্যানেজমেন্ট। মূলত লিটনের বিকল্প হিসেবেই এক বছর পর টেস্ট দলে ফিরেছেন তিনি। ২০২৪ সালের অক্টোবরে টেস্ট অভিষেকের পর এখন পর্যন্ত ছয় ম্যাচে ৩৩৭ রান করেছেন জাকের। ৩০.৬৩ গড়ে খেলা এই ব্যাটারের ঝুলিতে রয়েছে চারটি অর্ধশতক, যার মধ্যে ৯১ রানের ইনিংসটি ছিল তার ক্যারিয়ারের অন্যতম সেরা। জাতীয় দলে ফেরার আগে ঘরোয়া ক্রিকেটেও ধারাবাহিকতা দেখিয়েছেন জাকের। গত মাসে জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ইমার্জিং দলের হয়ে দু’টি চার দিনের ম্যাচে তিন ইনিংসেই অর্ধশতক করেন তিনি। ঢাকা প্রিমিয়ার লিগেও আবাহনীর হয়ে ছয় ম্যাচে একটি সেঞ্চুরিসহ নজরকাড়া পারফরম্যান্স ছিল তার।
দলে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন পেসার মুশফিক হাসান। নাহিদ রানার অনুপস্থিতিতে পেস আক্রমণে তাকে যুক্ত করেছেন নির্বাচকেরা। মুশফিক ১৭টি প্রথম শ্রেণীর ম্যাচের ২৮ ইনিংসে ৫৭ উইকেট নিয়েছেন। এবার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় ২৩ বছর বয়সী এই পেসার। মুশফিক হাসান আগেও ডাক পেয়েছিলেন; কিন্তু অভিষেক হয়নি। পঁাঁচ পেসারের বহরে আছেন তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, ইবাদত হোসেন, সৈয়দ খালেদ আহমেদ এবং মুশফিক হাসান। স্পিন বিভাগে সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজের সাথে দায়িত্বে থাকবেন অভিজ্ঞ তাইজুল ইসলাম।
ব্যাটিং বিভাগেও এসেছে পরিবর্তন। দীর্ঘদিন পর টেস্ট দলে ফিরেছেন সৌম্য সরকার। তবে এবার জায়গা হয়নি ওপেনার মাহমুদুল হাসান জয়ের। উইকেটরক্ষক হিসেবে জাকের আলীর পাশাপাশি স্কোয়াডে রাখা হয়েছে অমিত হাসানকেও।
অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশের প্রথম টেস্ট শুরু হবে ১৩ আগস্ট ডারউইনে। দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে ২২ আগস্ট সাউথ ম্যাকায়ে। সিরিজ শুরুর আগে ৬ থেকে ৮ আগস্ট ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল।