গণভোটে ‘হ্যাঁ’ রায় দিয়েই অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব : উপদেষ্টা ফরিদা আখতার

Printed Edition

ঝালকাঠি প্রতিনিধি

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, এবারের নির্বাচন অন্য সব নির্বাচনের চেয়ে ভিন্ন ও তাৎপর্যপূর্ণ। এই নির্বাচনের পর জুলাই সনদ বাস্তবায়ন হবে কি না- এমন প্রশ্ন তোলার আর কোনো সুযোগ নেই। কারণ জুলাই সনদে স্বাক্ষর করা রাজনৈতিক দলগুলোই এবারের নির্বাচনে অংশ নিচ্ছে এবং সনদ বাস্তবায়নের দায়ভার তাদেরই। জুলাই আকাক্সক্ষার প্রতিফলন হিসেবে গণভোটে সংক্ষিপ্ত রূপ অন্তর্ভুক্ত করা হয়েছে। গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে রায় দেয়ার মধ্য দিয়েই ন্যায়, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার বিজয় নিশ্চিত করা সম্ভব।

সোমবার বিকেলে ঝালকাঠি শিশু পার্কে জেলা প্রশাসনের আয়োজনে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ উপলক্ষে অনুষ্ঠিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ফরিদা আখতার আরাে বলেন, ঝালকাঠির গর্বের সন্তান শহীদ ওসমান হাদি নির্বাচন করতে চেয়েছিলেন, কিন্তু তা সম্ভব হয়নি। তার সেই স্বপ্ন ও আকাক্সক্ষাকে সম্মান জানাতে হলে এবারের নির্বাচনকে অবশ্যই সুস্থ, অবাধ ও সুন্দর করতে হবে।

সুধী সমাবেশে সভাপতিত্ব করেন ঝালকাঠির জেলা প্রশাসক মো: মমিন উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ মো: সুপার মিজানুর রহমান, সিভিল সার্জন ডা: হুমায়ুন কবির, জেলা নির্বাচন কর্মকর্তা জাহিদ হোসেন ও জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আলম হোসেন। বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন, জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান, সেক্রেটারি অধ্যক্ষ ফরিদুল হক, এনসিপি সমন্বয়ক মাইনুল ইসলা মান্না, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আবদুল হাই নিজামী, নারী শাহিমা আক্তার, ছাত্র প্রতিনিধি রাইয়ান বিন কামাল। সমাবেশে স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতারা, শিক্ষক, ইমাম, সুশীলসমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণী-পেশার ভোটাররা উপস্থিত ছিলেন। ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতায় জেলা প্রশাসন এই গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণমূলক সুধী সমাবেশের আয়োজন করে।