প্রাথমিকে এখনই হচ্ছে না অনলাইন ক্লাস

স্কুল-কলেজের সিদ্ধান্ত বৃহস্পতিবার

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

আপাতত প্রাথমিক বিদ্যালয়ে অনলাইন ক্লাস নেয়ার চিন্তা বাতিল করা হয়েছে। তবে মাধ্যমিক স্কুল ও কলেজের ক্লাস সীমিত পরিসরে অনলাইনে চালু করা যায় কিনা সে বিষয়ে আগামী বৃহস্পতিবার সিদ্ধান্ত জানাবে সরকার। ফলে স্বশরীরেই ক্লাস চালু থাকছে। গতকাল সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে কথা বলে এ তথ্য জানা গেছে।

এ দিকে দেশে চলমান হাম ও জ্বালানি সঙ্কটের প্রেক্ষাপটে স্কুল বন্ধের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তবে সর্বশেষ আলোচনা থেকে প্রতিমন্ত্রী জানান, অনলাইন ক্লাসের দিকে যাবে না প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। গতকাল প্রাথমিক শিক্ষার উন্নয়নসহ বিদ্যালয়গুলোর অবকাঠামোগত উন্নয়নের ব্যাপারে রাজধানীর বিভিন্ন বিদ্যালয় সরেজমিন পরিদর্শন শেষে গণমাধ্যমকে এমনটা জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, আগামী জুন-জুলাইয়ে শিক্ষা ক্ষেত্র নিয়ে আসছে নতুন কিছু পদক্ষেপ। তার পরিপ্রেক্ষিতেই প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করা হচ্ছে।

পরিদর্শনের সময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সাথেও কথা বলেন তিনি।

বিদ্যালয়ের শিক্ষার্থীদের মিড ডে মিলসহ অন্যান্য স্বাস্থ্যগত উন্নয়নের ব্যাপারেও খোঁজখবর নেন প্রতিমন্ত্রী। প্রাথমিকের ক্লাস অনলাইনে না নেয়ার বিষয়ে শুরু থেকেই নেতিবাচক মতামত জানিয়েছেন শিক্ষকরা।

তাদের মতে এমনিতেই এই শিক্ষার্থীরা বয়সে ছোট। এরপরে গ্রামের বেশির ভাগ বাবা-মায়ের মোবাইল ফোন বা অন্যান্য ডিভাইস না থাকায় প্রাথমিকের ৯৬ শতাংশ শিক্ষার্থী অনলাইনে ক্লাস করতে পারবে না।

ফলে সব দিক বিবেচনায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন আপাতত প্রাথমিকে অনলাইন ক্লাসের চিন্তা বাদ দেয়া হয়েছে।

অন্য দিকে মাধ্যমিক স্তরের স্কুল ও কলেজে অনলাইন ক্লাস চালু করা যাবে কিনা সে বিষয়ে শিক্ষামন্ত্রী নিজে সংশ্লিষ্ট শিক্ষক, শিক্ষক সংগঠন, অভিভাবক ও অংশীজনদের সাথে কথা বলে সেই আলোকে মন্ত্রী পরিষদ বিভাগে মতামত পাঠাবেন। আগামী বৃহস্পতিবার এ বিষয়ে সভা হওয়ার কথা রয়েছে।

কাজেই মাধ্যমিকে পর্যায়ের স্কুল-কলেজ ও মাদরাসার অনলাইন ক্লাস চালু করা যাবে কিনা বা চালু করা গেলেও সপ্তাহে কত দিন অনলাইন এবং কত দিন অফলাইনে ক্লাস হবে সব বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে থেকে সিদ্ধান্ত বৃহস্পতিবার আসতে পারে।