ধানমন্ডি লেকের প্রাকৃতিক পরিবেশ ফেরানোর প্রত্যয় ডিএসসিসি প্রশাসকের
Printed Edition
ধানমন্ডি লেককে বাণিজ্যিকীকরণ থেকে মুক্ত রেখে এর আদি প্রাকৃতিক রূপ ফিরিয়ে আনার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম। গতকাল বুধবার দুপুরে ধানমন্ডি লেক পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় তিনি এই ঘোষণা দেন।
পরিদর্শনকালে লেকের যত্রতত্র রেস্টুরেন্ট ও বাণিজ্যিক স্থাপনা দেখে ক্ষোভ প্রকাশ করে প্রশাসক বলেন, ধানমন্ডি লেক কোনো বাণিজ্যিক এলাকা নয়। ঢাকা শহরে মানুষের নিঃশ্বাস নেয়ার জায়গার খুব অভাব। বর্তমানে পুরো এলাকা রেস্টুরেন্টের দখলে চলে গেছে, যা কোনোভাবেই কাম্য নয়। আমরা দ্রুতই এখানে একটি সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশ ফিরিয়ে আনব।
লেকের সঠিক রক্ষণাবেক্ষণের লক্ষ্যে প্রশাসক বেশ কিছু পদক্ষেপের কথা জানান
তদারকি কমিটি গঠন : আগামী এক সপ্তাহের মধ্যে স্থানীয় বাসিন্দা এবং সিটি করপোরেশনের কর্মকর্তাদের সমন্বয়ে একটি তদারকি কমিটি গঠন করা হবে। এই কমিটির সুপারিশের ভিত্তিতেই লেকের উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালিত হবে।
স্থানীয়দের অংশগ্রহণ : প্রশাসক জোর দিয়ে বলেন, পুলিশ বা সিটি করপোরেশন দিয়ে দীর্ঘমেয়াদি সমাধান সম্ভব নয়। স্থানীয় বাসিন্দাদেরই লেকের প্রকৃত পাহারাদার হিসেবে দায়িত্ব পালন করতে হবে।
ঐতিহ্য রক্ষা : রবীন্দ্র সরোবরের সাংস্কৃতিক ঐতিহ্য বজায় রেখেও যেন প্রকৃতির কোনো ক্ষতি না হয়, সে বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেন তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রশাসক বলেন, ডিএসসিসি পরিচালিত অভিযানের কার্যকারিতা টেকসই করতে হলে জনগণকে সাথে নিতে হবে। স্থানীয় বাসিন্দারা সচেতন থাকলে ধানমন্ডি লেক তার চিরচেনা সৌন্দর্য ফিরে পাবে। পরিদর্শনকালে স্থপতি ইকবাল হাবিবসহ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।