মুরাদনগরে ছেলের হাতে বাবা খুন

Printed Edition

মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা

কুমিল্লার মুরাদনগর উপজেলায় গরু ভাগাভাগি ও হজের টাকা পরিশোধসংক্রান্ত বিরোধের জেরে ছেলের হাতে বাবা খুন হয়েছে।

সোমবার বিকেলে উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের সুবিলারচর (পূর্বপাড়া) গ্রামে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। নিহত সুরুজ মিয়া (৬৫) সুবিলারচর গ্রামের মৃত জাহেদ আলীর ছেলে। অভিযুক্ত ঘাতক ফয়েজ মিয়া (৩২) নিহতের বড় ছেলে।

স্থানীয় ও পুলিশসূত্রে জানা যায়, সুরুজ মিয়া জীবদ্দশায় তার তিন ছেলেকে আলাদা করে জমিজমা ও সম্পত্তি বুঝিয়ে দেন। তবে শর্ত ছিল বাবার হজের জন্য নির্ধারিত টাকা পরিশোধের পর ছয়টি গরু তিন ভাইয়ের মধ্যে ভাগ করে দেয়া হবে। সোমবার বিকেলে বাবার হজের টাকা পরিশোধ না করেই বড় ছেলে ফয়েজ মিয়া গরু বিক্রির উদ্যোগ নিলে বাবা-ছেলের মধ্যে তর্ক-বিতর্কের সৃষ্টি হয়।

এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে ফয়েজ মিয়া কাঠের চেলি দিয়ে তার বাবা সুরুজ মিয়ার মাথায় এলোপাতাড়ি আঘাত করে। গুরুতর আহত অবস্থায় সুরুজ মিয়া মাটিতে লুটিয়ে পড়লে অভিযুক্ত ছেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা সুরুজ মিয়াকে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তিনি মারা যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে মুরাদনগর থানায় নিয়ে আসে।