চকরিয়ায় সরকারি সুবিধা দেয়ার নামে প্রতারণার অভিযোগ
Printed Edition
চকরিয়া উপকূল (কক্সবাজার) সংবাদদাতা
কক্সবাজারের চকরিয়া উপজেলায় বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা ও স্বাস্থ্যসম্মত বাথরুম পাইয়ে দেয়ার আশ্বাসে কুতুব উদ্দিন নামে এক ব্যক্তির বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযুক্ত মৃত ওবাইদুল হাকিমের ছেলে। এ ঘটনায় ভুক্তভোগীরা হলেন- ছেনুয়ারা বেগম, রোকাসানা পারভীন ও সেতারা বেগম। তারা সবাই চকরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর আগে উপজেলার বিএমচর ইউনিয়নের পাহাড়পাড়া এলাকার মৃত উবাইদুল হাকিমের ছেলে কুতুব উদ্দিন নিজেকে উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মকর্তার সাথে সুসম্পর্ক রয়েছে, দাবি করে ভুক্তভোগীদের কাছ থেকে টাকা নেন। এর মধ্যে ছেনুয়ারা বেগমের কাছ থেকে বয়স্ক ভাতা দেয়ার কথা বলে পাঁচ হাজার ৫০০ টাকা, রোকাসানা পারভীনের কাছ থেকে প্রতিবন্ধী ভাতা দেয়ার কথা বলে এক হাজার ৫০০ টাকা এবং সেতারা বেগমের কাছ থেকে স্বাস্থ্যসম্মত বাথরুম দেয়ার আশ্বাসে তিন হাজার ৫০০ টাকা হাতিয়ে নেন।
ভুক্তভোগীরা জানান, টাকা নেয়ার পর দীর্ঘদিন পার হলেও কোনো ভাতা বা সুবিধা না দিয়ে প্রতিপক্ষ শুধু আজ দেব, কাল দেব বলে সময়ক্ষেপণ করে আসছিল।
এ ঘটনায় প্রতারণার শিকার হয়ে তিন ভুক্তভোগী লিখিত অভিযোগ নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির হন এবং প্রতিপক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে দাবি জানান।
অভিযোগে আরো উল্লেখ করা হয়, কুতুব উদ্দিন এভাবে শতাধিক সাধারণ মানুষের কাছ থেকেও সরকারি সুবিধা পাইয়ে দেয়ার নাম করে অর্থ আত্মসাৎ করে আসছেন বলে এলাকায় অভিযোগ রয়েছে। এ বিষয়ে ভুক্তভোগীরা দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি এবং আদায়কৃত অর্থ ফেরতসহ সরকারি সুবিধা প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।