সারাদেশে বেগম জিয়ার রূহের মাগফিরাত কামনা ও গায়েবানা জানাজা
Printed Edition
নয়া দিগন্ত ডেস্ক
সাবেক প্রধানমন্ত্রী ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে তার রূহের মাগফিরাত কামনায় সারা দেশে কুরআন খতম, মিলাদ মাহফিল ও গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দেশের বিভিন্ন স্থানে বিএনপি ও তার অঙ্গসংগঠনসহ বিভিন্ন দল, সংগঠন ও প্রতিষ্ঠানের আয়োজনে এসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
পার্বতীপুর (দিনাজপুর) সংবাদদাতা জানান, দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত মধ্যপাড়া পাথর খনির ঠিকাদারি প্রতিষ্ঠান জিটিসির উদ্যোগে কুরআন তেলাওয়াত ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। গত মঙ্গলবার বাদ মাগরিব সন্ধ্যায় জার্মানীয়া-ট্রেস্ট কনসোর্টিয়ামের (জিটিসি) জেনারেল ম্যানেজার জাবেদ সিদ্দিকীর নির্দেশনায় খনির প্রধান গেটে জিটিসির নবনির্মিত মধ্যপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ কমপ্লেক্সে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গাবতলী (বগুড়া) সংবাদদাতা জানান, বুধবার বেলা ৩টায় বগুড়ার গাবতলী মহিষাবানে ইউনিয়ন বিএনপি ও অঙ্গদলের উদ্যোগে স্থানীয় হাইস্কুল মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জানাজায় অংশ নেন গাবতলী উপজেলা বিএনপির স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক ও মহিষাবান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মজিদ মণ্ডল, উপজেলা বিএনপির সহসভাপতি নুরুল ইসলাম, সহপ্রশিক্ষণ বিষয়ক সম্পাদক জহুরুল ইসলাম, জাতীয় পার্টির বগুড়া শাখার সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান সরকার স্বপন, বিএনপির নেতা আবুল কালাম আজাদ প্রমুখ।
সাভার (ঢাকা) সংবাদদাতা জানান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গতকাল বুধবার বিশেষ দোয়া ও পবিত্র কুরআন খতম অনুষ্ঠিত হয়েছে। ঢাকা জেলা (উত্তর) ছাত্রদলের উদ্যোগে এ কুরআন খতমের আয়োজন করা হয়। এতে মাদরাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে কুরআন খতম করেন। শেষে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন, সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল, সাংগঠনিক স¤পাদক মঞ্জুরুল সৌরভসহ সংগঠনের অন্য নেতাকর্মীরা।
ইটনা (কিশোরগঞ্জ) সংবাদদাতা জানান, কিশোরগঞ্জের ইটনা উপজেলায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে ইটনা সদর ইটনা মিনি স্টেডিয়াম প্রাঙ্গণে জানাজাটি আয়োজন করে। জানাজা পরিচালনা করেন মাওলানা ইকবাল হোসাইন। পরে বেগম জিয়ার রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
জানাজায় উপস্থিত ছিলেন- বিএনপি ও জামায়াতসহ বিভিন্ন দলের নেতাসহ সর্বস্তরের জনতা।
গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় ময়মনসিংহের গফরগাঁওয়ে পাঁচবাগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বাদ মাগরিব ইউনিয়ন বিএনপি কার্যালয়ে এ দোয়া মাহফিলে বক্তব্য রাখেন, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আল ফাতাহ খান। দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুস সোবহান।
অন্য দিকে মঙ্গলবার বাদ আসর পাটমহল উপজেলা বিএনপি কার্যালয়ে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মুশফিকুর রহমানের আয়োজনে কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা জানান, বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় উপজেলা বিএনপির কার্যালয়ে কুরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি। দোয়া মাহফিলে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।