ভোটের রিকশা উদ্বোধন

জাতীয় স্বার্থে গণভোটে ‘হ্যাঁ’ তে রায় দিন : সৈয়দা রিজওয়ানা হাসান

Printed Edition
back-2
সাভারে ভোটের রিকশা উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান : নয়া দিগন্ত

সাভার (ঢাকা) সংবাদদাতা

তথ্য ও সম্প্রচার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিস¤পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ব্যক্তি ও দলীয় স্বার্থের ঊর্ধ্বে থেকে জাতীয় স্বার্থে গণভোটে হ্যাঁ তে রায় দিতে হবে। তিনি বলেন, ব্যক্তিগতভাবে সবাই কোনো না কোনো রাজনৈতিক দলের মতাদর্শে বিশ্বাসী। জাতীয় নির্বাচনে আপনারা কাকে ভোট দেবেন সেটা আপনাদের ইচ্ছা। আপনাদের এলাকার জন্য, দেশের জন্য ভালো এমন নেতা নির্বাচন করবেন। আর রাজনৈতিক সংকীর্ণতার ঊর্ধ্বে থেকে গণভোটে ‘হ্যাঁ’ তে ভোট দিতে হবে।

গতকাল মঙ্গলবার দুপুরে সাভারের রেডিও কলোনি স্কুল অ্যান্ড কলেজ মাঠে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে গণযোগাযোগ অধিদফতরের অন্যতম প্রচার কার্যক্রম ‘ভোটের রিকশা’ উদ্বোধনকালে কথা বলেন উপদেষ্টা। উপদেষ্টা আরো বলেন, জুলাই অভ্যুথানের স্বপ্ন বাস্তবায়নের জন্য জুলাই সনদ গৃহীত হয়েছে। সব রাজনৈতিক দলের সাথে দীর্ঘ আলোচনার পর তাদের মতামতের ভিত্তিতে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে। ক্ষমতার ভারসাম্য, ইতিবাচক পরিবর্তনের জন্য ১২টি বিষয়ের আলোকে চারটি প্রশ্ন নিয়ে হ্যাঁ-না ভোট অনুষ্ঠিত হবে। তিনি বলেন, সরকার হ্যাঁ ভোটের পক্ষে বলতে পারেন, উন্নত বিশ্বেও সরকার হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা করেছে। আমরা কাউকে না ভোট দিতে নিষেধ করছি না। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। সাংবাদিকদের সাথে আলাপকালে উপদেষ্টা আরো বলেন, হ্যাঁ ভোটের মাধ্যমে দেশে আর কখনো স্বৈরাচার ফিরে আসতে পারবে না, সবাইকে গণভোটে অংশ নিতে হবে এবং হ্যাঁ ভোট প্রদানের জন্য অনুরোধ করছি। তাহলে দেশ গণতন্ত্রের পথে এগিয়ে যাবে।

তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা বলেন, সুশাসন চাইলে, কতৃত্ববাদী সরকার না চাইলে সংস্কারের পক্ষে থাকতে হবে। কতৃত্ববাদী শাসনের অবসান ও সুন্দর আগামী চাইলে গণভোটে হ্যাঁ কে জয়যুক্ত করতে হবে। গণভোট ও সংসদ নির্বাচন উপলক্ষে ভোটের রিকশা ৬৪ জেলায় চার হাজার ৫০০ ইউনিয়নে প্রচারণা চালাবে। এ সময় গণভোট ও জাতীয় নির্বাচন উপলক্ষে সরকারের নানাবিধ প্রচার কার্যক্রম তুলে ধরেন তিনি। উপদেষ্টা এ সময় আটটি বিভাগের আটটি রিকশা উদ্বোধন করেন। যা ৬৪ জেলায় চার হাজার ৫০০ ইউনিয়নে গণভোট ও জাতীয় নির্বাচনের আচরণ বিধিমালা প্রচারণা করবে। গণযোগাযোগ অধিদফতরের মহাপরিচালক মো: আবদুল জলিলের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহিদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: সাইফুল ইসলাম প্রমুখ।