জামালপুর-৩ আসনে একই গ্রামের ৩ প্রার্থী
Printed Edition
মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা
জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে মেলান্দহ উপজেলার একই গ্রাম ও একই ওয়ার্ডের তিনজন সংসদ সদস্য প্রার্থী হয়েছেন। তাদের মধ্যে দুজন দু’টি রাজনৈতিক দল ও একজন স্বতন্ত্রপ্রার্থী হয়েছেন। তারা হলেন- মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের (৭নং ওয়ার্ড) ছবিলাপুর গ্রামের বাসিন্দা দৌলতুজ্জামান আনছারী, লিটন মিয়া ও সাদিকুর রহমান সিদ্দিকী শুভ।
জানা গেছে, জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে বিএনপি থেকে পদত্যাগ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হয়েছেন দৌলতুজ্জামান আনছারী এবং গণ অধিকার পরিষদের প্রার্থী হয়েছেন লিটন মিয়া। তিনি জেলা যুব অধিকার পরিষদের সভাপতি। এ ছাড়া স্বতন্ত্রপ্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকী শুভ মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক পদে আছেন।
ছবিলাপুর গ্রামের ভোটাররা বলছেন, তিনজন প্রার্থীই একই গ্রামের এবং তাদের ভোটকেন্দ্রও একই জায়গায়। সবারই জনপ্রিয়তা রয়েছে। গ্রামের মানুষ বলছেন, একই গ্রামের তিন প্রার্থী। কাকে রেখে কাকে ভোট দেবো। প্রার্থী একজন হলে ভোটদানে সহজ হতো। তবে স্থানীয় বাসিন্দা মোবারক মিয়া বলেন, এটা আমাদের জন্য গর্বের বিষয়। এক গ্রাম থেকেই আমরা তিনজনকে পেয়েছি প্রার্থী হিসেবে। যেকোনো একজন নির্বাচিত হলেও তিনিই হবেন আমাদের গ্রামের বাসিন্দা।
গণ অধিকার পরিষদের প্রার্থী লিটন মিয়া বলেন, একই গ্রামের তিনজন প্রার্থী হওয়া দোষের কিছু না। আমাদের তিনজনের একজন যদি সংসদে যেতে পারি, তাহলে এ আসনসহ গ্রাম উন্নয়নে ভূমিকা থাকবে। ইসলামী আন্দোলনের প্রার্থী দৌলতুজ্জামান আনছারী বলেন, তিন প্রার্থী হওয়া স্বাভাবিক বিষয়। যে যার যার মতো করে কাজ করে যাবে।