রিয়ালকে হারিয়ে চমক আলবাসেতের

Printed Edition

ক্রীড়া ডেস্ক

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে জেদ্দায় গত রোববার চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে ফাইনালে হেরে কোচের পদ থেকে বরখাস্ত হন জাবি আলোনসো। এরপর সান্তিয়াগো বার্নাব্যুর ডাগআউটের দায়িত্ব পেয়ে যান ‘বি’ দলের কোচ আলভারো আরবেলোয়া। কিন্তু কোচ পরিবর্তন করেও দলের ভাগ্য পরিবর্তন হলো না লস ব্লাঙ্কোসদের। চার দিনের ব্যবধানে ভিন্ন দুই টুর্নামেন্টে হার দলটির। এবার লজ্জাজনক পরাজয়। কোপা দেল রে’র শেষ ষোলোর ম্যাচে ৩-২ ব্যবধানে দ্বিতীয় স্তরের দল আলবেসেতে বালোম্পিয়ের বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকেই বিদায় নিয়েছে রিয়াল। রিয়ালের বিপে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো জয় পেল আলবেসেতে। স্পেনের শীর্ষ লিগ লা লিগার ইতিহাসে মাত্র সাতবার খেলার সুযোগ পেয়েছে আলবাসেতে। আর এই লিগে ৩৬ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। দুই দলের আগের ১৪ দেখায় তিনটি ড্র ও ১১টিতে জিতেছিল রিয়াল। আর ১৫ বারের দেখায় শক্তি ও ঐতিহ্যে যাদের সাথে কোনো তুলনায় চলে না, সেই দলটিকেই কি না হারিয়ে দিলো আলবেসেতে।