তারেক রহমানের সাথে ঢাবি ভিসির সাক্ষাৎ
Printed Edition
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান গত সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে ভিসি জাতীয় ঐক্যের প্রতীক সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তিনি বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা করেন এবং ব্যক্তিগতভাবে তারেক রহমানের প্রতি সমবেদনা জানান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্থিতিশীলতা ও সার্বিক পরিবেশ বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে গুরুত্বপূর্ণ অংশীজনের নিয়মিত সংলাপের অংশ হিসেবে ভিসি এই সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান জাতীয় নির্বাচন পূর্ববর্তী ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৃহৎ উন্নয়ন প্রকল্পসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, ডাকসু নির্বাচন-পরবর্তী পরিস্থিতি, শিক্ষা ও গবেষণা কার্যক্রম, আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নতি এবং শিক্ষার্থীদের কল্যাণে সাম্প্রতিক সময়ে গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অবহিত করেন। এ ছাড়া ভিসি জাতীয় ঐক্যের প্রতীক সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর তার স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয় গৃহীত বিভিন্ন কর্মসূচি সম্পর্কে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অবহিত করেন।
ভিসি বলেন, জাতীয় নির্বাচনের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্থিতিশীলতার অনেক প্রভাব রয়েছে। বিশ্ববিদ্যালয়ের সার্বিক স্থিতিশীলতা রক্ষা, শিক্ষা ও গবেষণার উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে ভিসি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পরামর্শ ও সহযোগিতা চান।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে সম্ভাব্য সব সহযোগিতার আশ্বাস দেন। এর আগে ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংরক্ষিত শোক বইয়ে স্বাক্ষর করেন। বিজ্ঞপ্তি।