সভায় ডিএসসিসি প্রশাসক

নগর সরকার ছাড়া রাজধানীর সমস্যা সমাধান সম্ভব নয়

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে বহু সমস্যা রয়েছে। এই সমস্যাগুলো সমাধানে সমন্বয় দরকার। এর জন্য প্রয়োজন নগর সরকার। নগর সরকার গঠন না হলে এসব সমস্যার সমাধান সম্ভব নয়। আশা করি বর্তমান প্রধানমন্ত্রী সেদিকে যাবেন বলে মন্তব্য করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো: আবদুস সালাম। গতকাল বুধবার ডিএসসিসির নগর ভবনে নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম, বাংলাদেশের (ইউডিজেএফবি) কার্যনির্বাহী কমিটির সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের সভাপতি মতিন আব্দুল্লাহ, সহসভাপতি ফয়সাল খান, সাধারণ সম্পাদক হাসান ইমনস, উপদেষ্টা অমিতোষ পাল ও হেলিমুল আলমসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

ডিএসসিসি প্রশাসক বলেন, মাস্টার প্ল্যান ছাড়া পরিকল্পিত শহর গড়া সম্ভব নয়। পাকিস্তান আমলে শেরেবাংলা নগরকে দ্বিতীয় শহর হিসেবে মাস্টার প্ল্যান করে রাখা হয়েছিল। বর্তমানে বাস্তবায়নে কিছুটা ব্যত্যয় হয়েছে। কিন্তু এখন ওই এলাকাটা অনেকটাই পরিকল্পিত শহর। অনেক বড় বড় রাস্তা। দেখতে খুবই সুন্দর। মন্ত্রণালয়ের অনেক বিভাগ ওই এলাকায় স্থানান্তর করা হয়েছে।

তিনি বলেন, ধূপখোলায় তিনটি মাঠ ছিল, সেখানে একটি মাঠ রেখে বাকি জায়গায় মার্কেট করেছে সাবেক মেয়র ব্যারিস্টার তাপস। এটা একদম ঠিক করেনি। নগরীতে এমনিতেই মাঠের সঙ্কট। আমরা ওয়ার্ডভিত্তিক মাঠ করার চেষ্টা করছি। অন্তত দু’টি ওয়ার্ড মিলে যেন একটি খেলার মাঠ করা যায়, সেটা গুরুত্ব দিয়ে কাজ করছি। এ ছাড়া ফুটপাথ দখল, মার্কেট দখল, অনিয়ন্ত্রিত রিকশাসহ নগরীর সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের জন্য আমরা কাজ করছি।

আবদুস সালাম বলেন, রাজধানীতে যানজট নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে কিছু উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। এর মধ্যে সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে আন্তঃজেলা বাসগুলো সরিয়ে কাঁচপুর টার্মিনালে নেয়ার কাজ চলছে। কাঁচপুর আন্তঃজেলা বাস টার্মিনাল নির্মাণের কাজ চলছে। এ ছাড়া কেরানীগঞ্জের বাঘৈরে আন্তঃজেলা বাস টার্মিনাল নির্মাণ করা হবে। এই আন্তঃজেলা বাস টার্মিনালগুলো হয়ে গেলে শহরের ভেতর জেলার বাস আসবে না। এতে যানজট অনেকটা নিয়ন্ত্রণে চলে আসবে।