ছয় সিটিতে নেতাদের প্রশাসক নিয়োগ গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী : ইসলামী আন্দোলন

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

ছয়টি সিটি কাপোরেশনে রাজনৈতিক দলের নেতাদের প্রশাসক হিসেবে নিয়োগ প্রদানের তীব্র সমালোচনা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান এই পদক্ষেপকে গণতান্ত্রিক মূল্যবোধের সাথে সাংঘর্ষিক এবং জনগণের প্রতিষ্ঠানের ওপর দলীয় আধিপত্য বিস্তারের প্রচেষ্টা হিসেবে অভিহিত করেছেন।

গতকাল সোমবার এক বিবৃতিতে মাওলানা গাজী আতাউর রহমান বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপটে মেয়ররা পালিয়ে যাওয়ার পর সিটি কাপোরেশনগুলো নেতৃত্বশূন্য হয়। ইসলামী আন্দোলন শুরু থেকেই দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে এলেও বিএনপির বিরোধিতার কারণে তা সম্ভব হয়নি। এর পরিবর্তে এখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দলীয় নেতাদের প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে, যা অনেকটা ‘পুরস্কার’ হিসেবে দেখা হচ্ছে।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন- নির্বাচিত মেয়র বা সরকারি কর্মকর্তারা প্রাতিষ্ঠানিকভাবে জনগণের কাছে দায়বদ্ধ থাকেন। কিন্তু রাজনৈতিকভাবে নিয়োগপ্রাপ্তদের দায়বদ্ধতা কেবল তাদের দলের প্রতি। দেশের বড় স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে দায়হীন ব্যক্তিদের হাতে তুলে দেয়া হয়েছে। জনগণের প্রতিষ্ঠানকে কোনো দলের অনুগতদের জন্য ‘প্রাইজ পোস্ট’ হিসেবে ব্যবহার করা গণতান্ত্রিক রীতির অবমাননা।

ইসলামী আন্দোলনের এই নেতা অবিলম্বে ছয় সিটি করপোরেশনে রাজনৈতিক প্রশাসকদের নিয়োগ বাতিল করার জোর দাবি জানান। তিনি বলেন, স্থানীয় সরকারকে কোনো দলের আনুগত্যের পুরস্কার হতে দেয়া যায় না। জনগণের অধিকার ফিরিয়ে দিতে দ্রুততম সময়ে নির্বাচনের আয়োজন করতে হবে।