পাতাযুক্ত শাকসবজিতে সুস্থ জীবন

Printed Edition

সুস্থ থাকার সহজ উপায় খুঁজতে গিয়ে আমরা অনেক সময় জটিল ডায়েট বা ব্যয়বহুল খাবারের দিকে ঝুঁকি। অথচ প্রতিদিনের খাবারে পাতাযুক্ত শাকসবজি যোগ করলে শরীর পায় প্রয়োজনীয় ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো থেকে শুরু করে হৃদস্বাস্থ্য ও হজম প্রক্রিয়া ভালো রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

পুষ্টিবিদদের মতে, এ ধরনের শাকসবজি ভিটামিন ও খনিজে ভরপুর, যা শরীরের সামগ্রিক সুস্থতা বজায় রাখতে সহায়ক। বিভিন্ন প্রজাতির শাকের মধ্যে কিছু পার্থক্য থাকলেও, প্রায় সব পাতাযুক্ত শাকেই একটি নির্দিষ্ট পুষ্টিগত বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়।

শাকে ভিটামিন এ, ভিটামিন কে, ফলেট, আয়রন ও ক্যালসিয়ামের মতো গুরুত্বপূর্ণ উপাদান থাকে। পাশাপাশি এতে রয়েছে পর্যাপ্ত ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট। আরো আছে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, লুটেইন, জিয়াজ্যান্থিন এবং প্রাকৃতিক নাইট্রেট, যা শরীরের নানা কার্যক্রমে সহায়তা করে।

বিশেষজ্ঞদের মতে, নিয়মিত পাতাযুক্ত শাক খাওয়ার ফলে হজমশক্তি বাড়ে, শরীরে শক্তি উৎপাদন সহজ হয় এবং হৃদস্বাস্থ্যের উন্নতি ঘটে।

একই সাথে এটি প্রদাহ কমাতে সাহায্য করে এবং দৃষ্টিশক্তি সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম হাড়ের সুস্থতা বজায় রাখে আর উদ্ভিদজাত সক্রিয় যৌগ দীর্ঘস্থায়ী নানা রোগের ঝুঁকি কমাতে সহায়ক। ইন্টারনেট।