ভেনিজুয়েলায় দ্বিতীয় দফা হামলা পরিকল্পনা বাতিল ট্রাম্পের

Printed Edition

আলজাজিরা

ভেনিজুয়েলার সাথে সীমিত সহযোগিতা শুরু হওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির ওপর পরিকল্পিত দ্বিতীয় দফা সামরিক হামলা বাতিল করেছেন। ওয়াশিংটন সূত্রে জানা গেছে, ভেনিজুয়েলার সরকার সম্প্রতি কিছু বিষয়ে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় বসে এবং সীমিত সহযোগিতার ইঙ্গিত দেয়। এর পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট ট্রাম্প পূর্বনির্ধারিত দ্বিতীয় দফা হামলার পরিকল্পনা স্থগিত রাখার নির্দেশ দেন।

প্রথম দফায় যুক্তরাষ্ট্র ভেনিজুলোর সামরিক স্থাপনা ও কৌশলগত অবকাঠামোতে আঘাত হানে। এতে দেশটির অভ্যন্তরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। তবে দ্বিতীয় দফা হামলা বাতিলের সিদ্ধান্তকে অনেকেই কূটনৈতিক সমাধানের সম্ভাবনা হিসেবে দেখছেন। হোয়াইট হাউজের এক কর্মকর্তা জানিয়েছেন, ভেনিজুয়েলা কিছু ক্ষেত্রে সহযোগিতা দেখিয়েছে, বিশেষ করে আঞ্চলিক নিরাপত্তা ও মানবিক সহায়তা বিষয়ে। এর ফলে প্রেসিডেন্ট ট্রাম্প মনে করছেন, সামরিক চাপের পাশাপাশি কূটনৈতিক পথও খোলা রাখা জরুরি।

ভেনিজুয়েলার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি না এলেও দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় আগ্রহী। তবে একই সাথে তারা বলেছে, জাতীয় সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হবে না। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের এই সিদ্ধান্ত মূলত কৌশলগত। এক দিকে তিনি সামরিক শক্তি প্রদর্শন করেছেন, অন্য দিকে সহযোগিতার ইঙ্গিত পেয়ে আপাতত হামলা স্থগিত রেখেছেন। এতে করে যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলার ওপর চাপ বজায় রেখেছে, আবার আলোচনার সুযোগও খোলা রেখেছে।