বছরের প্রথম সরাসরি গানের অনুষ্ঠানে দিঠি
Printed Edition
বিনোদন প্রতিবেদক
দিঠি আনোয়ার, নন্দিত শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী, উপস্থাপিকা ও সমাজসেবিকা। টানা বেশ কয়েক মাস দুই ছেলে যুক্তরাষ্ট্রের কলেজে ও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকায় তাকেও সেখানে থাকতে হয়েছে। দেশে ফিরেই দিঠি ব্যস্ত হয়ে উঠেছেন বিশেষত সঙ্গীত পরিবেশনা ও উপস্থাপনায়। পাশাপাশি বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনের নানান অনুষ্ঠানে অংশগ্রহণ তো রয়েছেই নিয়মিত। দেশে ফিরেই দিঠি এনটিভি, বিটিভি, গ্লোবাল টিভি, এশিয়ান টিভিতে সরাসরি গানের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। চ্যানেলগুলোতে তিনি গানও গেয়েছেন, উপস্থাপনাও করেছেন। তবে গতকাল ছিল বছরের প্রথম শুক্রবার, বছরের দ্বিতীয় দিনে দেশ টিভির সরাসরি গানের অনুষ্ঠান ‘প্রিয়জনের গান’-এ সরাসরি সঙ্গীত পরিবেশন করেন দিঠি আনোয়ার। অনুষ্ঠান শুরু হয় ঠিক ৩টায়। এবারের আয়োজনে দিঠি মূলত দেশাত্মবোধক, আধুনিক ও মৌলিক গান গান। যে গানগুলো তিনিই গান সেগুলো হচ্ছে- ‘যদি আমাকে জানতে সাধ হয়’, ‘আমার গানের অস্থায়ী আমার বাংলাদেশটা’, ‘ফুল যদি ঝরে গিয়ে আজকে রাতে’, ‘চোখে যে মনের কথা বলে’, ‘গীতিময় সেই দিন চিরদিন’, ‘পান খাইয়া ঠোঁট লাল করিলাম’, ‘পাখি খাঁচা ভেঙে উড়ে গেলে হবে অচেনা’সহ আরো বেশ কিছু গান। বছরের শুরুতেই সরাসরি গানের অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন প্রসঙ্গে দিঠি আনোয়ার বলেন, ‘শুরুতেই সবাইকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছর সবার ভালো কাটুক, সুন্দর কাটুক- সবার মনের আশা আল্লাহ পূরণ করুক- এটিই চাওয়া। আর এটি ভীষণ সত্যি কথা যে, দেশের বাইরে থাকতে আমার একদমই ভালো লাগে না, এই দেশের মাটি, মায়া, ভালোবাসা, পরিবেশন, কোলাহল- সব কিছু ছেড়ে জীবনের প্রয়োজনে মাঝে মধ্যে থাকতে কষ্ট হয়। যখন দেশে ফিরে তখন খুশিতে চোখে পানি চলে আসে। আমার দুই ছেলেরও দেশের প্রতি ভীষণ টান, যদিও ওরা বিদেশে পড়াশোনা করে; কিন্তু ওরা দেশে বেড়াতে এলে আর যেতে চায় না। আজকের সরাসরি গানের অনুষ্ঠানে যে গানগুলো গাইব, এর মধ্যে কিছু গান শ্রোতারা সবসময়ই শুনে থাকেন, কিছু গান কম শোনা হয়েছে। আশা করছি, আজকের আয়োজনটি অনেক সুন্দর হবে। সবাইকে প্রিয়জনের গানে আমার গান শোনার জন্য বিনীত অনুরোধ রইল।’ এদিকে দিঠি আনোয়ার তার বাবার লেখা ৯টি মৌলিক গানের কাজ প্রায় শেষ করেছেন।