রামুতে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলিসহ নারী আটক
Printed Edition
রামু (কক্সবাজার) সংবাদদাতা
কক্সবাজারের রামুতে সেনাবাহিনী ও পুলিশের এক যৌথ অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্রসহ জেসমিন সুলতানা রিয়া (২০) নামে এক তরুণীকে আটক করা হয়েছে। বুধবার ভোর ৬টার দিকে রামু থানাধীন গর্জনিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের থোয়াইংগাকাটা সামারঘোনা এলাকায় এই অভিযান চালানো হয়। বাংলাদেশ সেনাবাহিনী, রামু থানা পুলিশ ও গর্জনিয়া পুলিশ ফাঁড়ির একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় নুরুল আহম্মদের মেয়ে জেসমিন সুলতানা রিয়ার বাড়িতে এই তল্লাশি চালায়। এ সময় তার বাড়ি থেকে ১টি দেশীয় তৈরি এলজি, ২টি পুরাতন পিস্তল, ৬টি বড় চাইনিজ রাইফেলের গুলি, ৪৯টি ছোট পিস্তলের গুলি, ৪টি শটগানের ব্যবহৃত কার্তুজের খোসা, ১টি বড় বন্দুকের বাটের অংশ বিশেষ, ২টি লম্বা ধারালো দা, ১টি খেলনা পিস্তল, ২টি বাটন মোবাইল এবং ১টি কাটার উদ্ধার করা হয়।