বার্সাকে হারিয়ে লা লিগা জমিয়ে দিলো সোসিয়েদাদ

Printed Edition

ক্রীড়া ডেস্ক

বার্সেলোনাকে হারিয়ে স্প্যানিশ লা লিগার শিরোপার লড়াই জমিয়ে তুলেছে রিয়াল সোসিয়েদাদ। নিজেদের মাঠে গত পরশু ২-১ গোলে জয় পেয়েছে পেলেগ্রিনো মাতারাজ্জোর দল। লা লিগায় ৯টি আর সব প্রতিযোগিতা মিলে ১১ ম্যাচ পর হারের তেতো স্বাদ পেল হ্যান্সি ফ্লিকের দল। এই পরাজয়ের ফলে ২০ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষেই রয়েছে বার্সেলোনা। তবে ন্যূ ক্যাম্পের দলটির চেয়ে ১ পয়েন্ট পিছিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ।

সান সেবাস্তিয়ানের রিয়াল এরিনায় পুরো ম্যাচেই বেশির ভাগ সময় বল দখলে রেখে আক্রমণেও আধিপত্য করে বার্সেলোনা। কিন্তু গোলমুখে খুব একটা কার্যকর হতে পারলেন না দানি ওলমো, রবার্ট লেভানোদোভস্কিরা। স্রোতের বিপরীতে ম্যাচে ৩২ মিনিটে গোলও হজম করে বসে তারা। মিকেল ওরজাবালের গোলে এগিয়ে যায় সোসিয়েদাদ। দ্বিতীয়ার্ধে বদলি নেমে ৭০ মিনিটে লামিনে ইয়ামালের পাসে হেডে গোল করে বার্সেলোনাকে সমতা ফেরান মার্কাস রাশফোর্ড। পরের মিনিটেই গঞ্জালো গেদেসের গোল। ২-১ ব্যবধানে এগিয়ে যাওয়ার পাশাপাশি শেষ পর্যন্ত সেটি ধরে রেখে পূর্ণ ৩ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে রিয়াল সোসিয়েদাদ। আর এই জয়ে ২৪ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে দলটি।

এ দিন মাঠে আলাভেজকে ১-০তে হারিয়ে ভিলারিয়ালের পেছনে থেকে চারে অ্যাথলেটিকো মাদ্রিদ। গেতাফের মাঠে ১-০ গোলের জয় নিয়ে ফিরেছে ১০ জনের ভ্যালেন্সিয়া।