ফাইনালে ধূমকেতু দুর্বার
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
দেশপ্রেমকে বড় করে দেখার বাস্তবতায় টি-২০ বিশ্বকাপে যাওয়া হয়নি টাইগারদের। সমর্থক ও ক্রিকেটারদের কথা ভেবে বিসিবি আয়োজন করেছে অদম্য বাংলাদেশ টি-২০ কাপ। তিন দলের এই আয়োজনে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আজ সন্ধ্যা ৬টায় ফাইনালে মুখোমুখি হবে লিটন দাসের নেতৃত্বাধীন ধূমকেতু একাদশ ও নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দুর্বার একাদশ। শুধু ২২ গজের লড়াই নয়, দর্শকদের জন্য থাকছে আরও কিছু জমজমাট আয়োজন। আতশবাজি প্রদর্শনীর পাশাপাশি থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানও। টিকেট কেটে যারা মাঠে ঢুকবেন তাদের জন্য রয়েছে মটরসাইকেল জিতে নেয়ার আকর্ষণীয় সুযোগ। ম্যাচটি সরাসরি দেখা যাবে বিটিভি ও টি-স্পোর্টসের ইউটিউব চ্যানেলে।
শিরোপা নির্ধারণী এই ম্যাচে দুর্বার ও ধূমকেতুর লড়াইয়ের আগে সবচেয়ে আলোচিত নামটি সাব্বির রহমান। পুরো টুর্নামেন্ট শুরুর সময় যার নামই ছিল না কোনো স্কোয়াডে, সেই সাব্বিরই শেষ পর্যন্ত ফাইনালের মঞ্চে খেলার সুযোগ পাচ্ছেন। তিনি মাঠে নামবেন দুর্বার একাদশের হয়ে। বিশ্বকাপ স্কোয়াডের আদলে গড়া ধূমকেতু একাদশ। টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে সবচেয়ে তরুণ দল দুরন্ত, যাদের নেতৃত্বে ছিলেন যুব বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী।
ফাইনাল সাব্বিরের জন্য শুধু একটি ম্যাচ নয়, বরং দীর্ঘদিনের জমে থাকা প্রশ্নগুলোর মুখোমুখি দাঁড়ানোর উপলক্ষ। সাব্বির নামের সাথেই আসে সম্ভাবনার কথা, আসে অপচয়ের কথাও। আন্তর্জাতিক ক্রিকেটে দারুণ শুরু করেও শৃঙ্খলা, ধারাবাহিকতা ও ফর্মের দোলাচলে তার ক্যারিয়ার বারবার থেমে গেছে। অদম্য টি-২০ কাপের স্কোয়াড ঘোষণার পর সাব্বিরের নাম না থাকাটা বিস্ময়কর ছিল। বিশেষ করে বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে ফিনিশার পয়েন্টে দাঁড়িয়ে ৯ ইনিংসে তিনবার নট আউট থেকে ১৩৪ রান, গড় ২২.৩৩ আর স্ট্রাইক রেট ১৩৫.৩৫ ছিল।
হতাশা গোপন করেননি সাব্বির, ৪৫ জনের একটি টুর্নামেন্টে একজন টি-২০ খেলোয়াড়কে না রাখা তার কাছে লজ্জাজনক মনে হয়েছে। কারও কাছে গিয়ে সুযোগ চাওয়া তার স্বভাব নয়, তবে এই টুর্নামেন্টে খেলার যোগ্যতা তার রয়েছে। শেষ পর্যন্ত দুর্বার একাদশের হয়ে ফাইনালের জন্য ডাক পেলেন সাব্বির।