এএইউবির ১৯তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত
Printed Edition
অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের (এএইউবি) ১৯তম সিন্ডিকেট সভা গতকাল বিশ্ববিদ্যালয়ের ঢাকা ক্যাম্পাসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় এএইউবির সম্মানীত ভাইস চ্যান্সেলর এয়ার ভাইস মার্শাল মো: মোস্তাফিজুর রহমান সভাপতিত্ব করেন। সভাপতি সবাইকে কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়ে বলেন, বিশ্বায়নের জোয়ারে প্রতিনিয়তই পাল্টে যাওয়া প্রযুক্তিনির্ভর এবং চতুর্থ শিল্পবিপ্লবের এ যুগে অ্যাভিয়েশন ও অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের মতো বিশেষায়িত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান দেশের অর্থনৈতিক অগ্রগতি ও জাতীয় সক্ষমতা বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, ক্রমবর্ধমান বেসামরিক বিমান চলাচল, প্রতিরক্ষা সক্ষমতা এবং মহাকাশ গবেষণায় বাণিজ্যিক সম্ভাবনাসব মিলিয়ে এএইউবি দেশের আকাশ-যোগাযোগ, অ্যাভিয়েশন শিল্প ও মহাকাশ প্রযুক্তির অগ্রগতি অর্জনে একটি কৌশলগত স্তম্ভ হিসেবে কাজ করবে। সভাপতি বলেন, অত্র বিশ্ববিদ্যালয় সমাজ তথা দেশের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই এর উন্নয়ন নিশ্চিত করা এবং বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই আমরা একটি শক্তিশালী ও সমৃদ্ধ শিক্ষার পরিবেশ গড়ে তুলতে পারি। এএইউবির ১৯তম এ সিন্ডিকেট সভায় অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের সদস্যবৃন্দের পাশাপাশি সশস্ত্রবাহিনী বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ বিমানবাহিনী, ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, বিমান এবং বেবিচক হতে সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি।