৮ দফা দাবিতে ক্ষুদ্র গোশত ব্যবসায়ীদের স্মারকলিপি
Printed Edition
রাজধানীতে মিছিল করেছে দৈনিক ক্ষুদ্র গোশত প্রস্তুতকরণ ও বিক্রেতা সোসাইটি। মিছিল পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল হালিম কেরাইশী (চান)। সমাবেশে বক্তারা বলেন, সরকারের মধ্যে সক্রিয় দুর্নীতিবাজ চক্র ও গাবতলীর হাটের ইজারা গ্রহীতা পরস্পরের যোগসাজশে রাজধানীসহ সারা দেশে পশুর গোশতের দাম বৃদ্ধির জন্য তৎপর হয়েছে। গরুর গোশতের দাম ৪০০ টাকা কেজি দরে বিক্রয়ের সুযোগ করে দেয়ার জন্য গোশতের ব্যবসায়ীরা সরকারের প্রতি দাবি জানিয়েছে।
ব্যবসায়ী নেতারা গোশতের মূল্যে নিয়ন্ত্রণে সরকারের উচ্চ মহলের হস্তক্ষেপ কামনা করেছেন। মিছিল-পূর্ব সমাবেশে সরকারের কাছে ৮ দফা সংগঠনটি দাবি উত্থাপন করেছে। দাবিগুলো হলো-১। গোশতের দাম সহনীয় পর্যায়ে রাখতে গরু/মহিষের ঘাটতি পূরণ, ক্রয়/বিক্রয়, আমদানি ও হাট পর্যন্ত পশু পৌঁছা পর্যন্ত সকল প্রকার নিপীড়ন ও অনিয়ম বন্ধে উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিশন গঠন; ২। উচ্চহারে হাসিল আদায়ের সকল অপচেষ্টা বন্ধ ৩। গাবতলীর সারা দেশের সরকার নিয়ন্ত্রিত হাটসমূহের হাসিলের রশিদ ডিজিটালাইজড/কম্পিউটারাইজড করতে হবে- যা সরকারের রাজস্ব বিভাগের সাথে সংযুক্ত থাকবে; ৪। গোশতের দাম বৃদ্ধির লক্ষ্যে গবাদিপশুর হাটে উচ্চহারে হাসিল আদায়ের ষড়যন্ত্রকারী স্থানীয় সরকার সচিব ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক এজাজ আহমেদকে অপসারণ করতে হবে এবং দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। ৫। ইজারার শর্ত ভঙ্গকারী ও জনস্বার্থের বিরুদ্ধে অবস্থানকারী গাবতলী হাটের ইজারা গ্রহীতা এরফান ট্রেডার্সের ইজারা বাতিল করতে হবে: ৬। ক্ষুদ্র শ্রীংহী ব্যবসায়ের সাথে সংশ্লিষ্ট সবার সন্তানদের শিক্ষা সুনিশ্চিত করতে সরকারকে বিশেষ সহযোগিতা প্রদান করতে হবে, ৭। গরু/মহিষ ব্যাপারী বা পাইকারি বিক্রেতাদেরকে সরকার কর্তৃক (আউটসোর্সিং) তালিকাভুক্ত করতে হবে। তাদেরকে ট্রেড লাইসেন্সের আওতায় এনে লেন-দেনসহ সকল বিষয়ে নিরাপত্তা প্রদান করতে হবে। ইজারা গ্রহীতা কর্তৃক গরু ব্যাপারীদের নিকট হতে হাটে জায়গার ভাড়া আদায়, দোকান ভাড়া প্রভৃতি বন্ধ করতে হবে; ৮। ক্ষুদ্র গোশত ব্যবসায়ীদের অনুপস্থিতিতে তাদের প্রতিনিধিদের মাধ্যমে গরু/মহিষ/ছাগল/ভেড়া বিক্রয়ের অতিরিক্ত হাসিল আদায়ের সকল বাঁকা পথ বন্ধ থাকতে হবে। পরে একটি প্রতিনিধিদল সচিবালয়ে স্থানীয় সরকার উপদেষ্টার নিকট তাদের ৮ দফা দাবি সংবলিত স্মারকলিপি প্রদান করেন। বিজ্ঞপ্তি।