জেলের জালে ১১১ লাক্ষা, ২২ লাখ টাকায় বিক্রি

Printed Edition

পিরোজপুর প্রতিনিধি

বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া পিরোজপুরের দু’টি ট্রলারের জালে ধরা পড়েছে বিরল ও মূল্যবান ১১১টি লাক্ষা মাছ। গতকাল সোমবার পিরোজপুরের জিয়ানগর উপজেলার পাড়েরহাট মৎস্য অবতরণ কেন্দ্রে এই মাছগুলো এক পাইকারি বিক্রেতার কাছে ২২ লাখ টাকায় বিক্রি করা হয়েছে।

আড়ত ও স্থানীয় জেলে সূত্রে জানা গেছে, সম্প্রতি জিয়ানগর উপজেলার পূর্ব চরবলেশ্বর গ্রামের দুলাল ফকিরের মালিকানাধীন দু’টি ট্রলার সাগরে মাছ ধরতে যায়। সেখানে জেলেদের জালে একে একে ১১১টি বড় সাইজের লাক্ষা মাছ ধরা পড়ে। প্রতিটি মাছের ওজন ১২ থেকে ২২ কেজির মধ্যে। মূল্যবান এই মাছ নিয়ে জেলেরা পাড়েরহাট বন্দরে ফিরলে স্থানীয় মৎস্য ব্যবসায়ী জাকির হোসেন প্রতি মণ ৬৫ হাজার থেকে ৯০ হাজার টাকা দরে পুরো লটটি ২২ লাখ টাকায় কিনে নেন।

পাড়েরহাট মৎস্য আড়তদাররা জানান, সংগৃহীত মাছগুলো বরফজাত করে বিশেষ ব্যবস্থায় চট্টগ্রামের ফিশারিঘাট ও কক্সবাজারের বড় বাজারগুলোতে পাঠানো হয়েছে। সামুদ্রিক এই মাছের ব্যাপক চাহিদা থাকায় চড়া মূল্যে এগুলো বিক্রি করা সম্ভব হয়েছে। সাগরে মাছ ধরার দীর্ঘ অবরোধ ও নানা প্রতিকূলতা কাটিয়ে এমন বড় চালানের দেখা পেয়ে উচ্ছ্বসিত জেলেরা। স্থানীয় মৎস্যজীবীদের মতে, এমন প্রাপ্তি উপকূলীয় অঞ্চলের জেলেদের আবারো সাগরে যেতে উৎসাহিত করবে।