হাইকোর্টে জামিন পেলেন আইভী ও বদি

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

পৃথক পাঁচ মামলায় নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী এবং একটি মামলায় কক্সবাজারের আলোচিত সাবেক এমপি আবদুর রহমান বদিকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। গতকাল হাইকোর্টের বেঞ্চ পৃথক দু’টি বেঞ্চ তাদের এই জামিন দেন।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের টানা তিনবারের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে ফতুল্লা ও সদর মডেল থানায় দায়ের করা পৃথক মামলায় জামিন দিয়েছেন বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ। এসব মামলার মধ্যে চারটি ফতুল্লা থানায় করা হত্যামামলা এবং অপরটি হামলা সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় করা। এসব মামলায় নিম্ন আদালতে বিফল হয়ে হাইকোর্টে জামিন চেয়ে পৃথক আবেদন করেন কারাগারে থাকা সেলিনা হায়াৎ। পরে আবেদনগুলো গতকাল শুনানির জন্য ওঠে।

আদালতে জামিন আবেদনকারীর পে জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন ও মোতাহার হোসেন সাজু শুনানি করেন, সাথে ছিলেন আইনজীবী এস এম হৃদয় রহমান। রাষ্ট্রপে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান নজরুল। গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগের নিজ বাসা থেকে আইভীকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে বৈষম্যবিরোধী ছাত্র–-জনতার আন্দোলনের ঘটনায় দায়ের হওয়া তিনটি হত্যামামলা ও দু’টি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয়।

এই পাঁচ মামলায় হাইকোর্ট থেকে গত বছরের ৯ নভেম্বর জামিন পান কারাবন্দী সেলিনা হায়াৎ আইভী। এই জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপ আপিল বিভাগে পৃথক পাঁচটি আবেদন করে। শুনানি নিয়ে চেম্বার আদালত গত বছরের ১২ নভেম্বর হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করে রাষ্ট্রপরে আবেদনগুলো আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান। আবেদনগুলো আপিল বিভাগে শুনানির অপোয়। পরে আইভীর আইনজীবী মোতাহার হোসেন সাজু বলেন, ‘প্রথমে পাঁচ মামলায় হাইকোর্ট থেকে জামিন পান আইভী। এর বিরুদ্ধে রাষ্ট্রপ আপিল বিভাগে আবেদন করলে জামিন স্থগিত হয়। যেদিন হাইকোর্ট থেকে জামিন পান, সেদিনই আরো পাঁচ মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়, যা গত বছরের ১৮ নভেম্বর মঞ্জুর হয়।’

আইনজীবী মোতাহার হোসেন আরো বলেন, ‘এই পাঁচ মামলার এজাহারে আইভীর নাম নেই, তিনি দীর্ঘ দিন ধরে কারাগারে আছেন, তদন্তেরও কোনো অগ্রগতি নেই- এসব যুক্তিতে আইভীর জামিন চাওয়া হয়। শুনানি নিয়ে হাইকোর্ট রুল দিয়ে আইভীকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন। তবে অপর পাঁচ মামলায় তার জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপরে আবেদন শুনানির অপোয়, তাই এখনই তিনি কারামুক্তি পাচ্ছেন না।’

এদিকে হাইকোর্টের জামিনের বিরুদ্ধে পরবর্তী পদপে নিতে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে নোট দেয়া হয়েছে বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান নজরুল। উল্লেখ্য, ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র ছিলেন আইভী। পরে নবগঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের টানা তিনটি নির্বাচনে জয়ী হন তিনি।

সাবেক এমপি বদির জামিন : বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ২০২৪ সালের ৪ আগস্ট বগুড়ায় সংঘটিত সহিংসতার ঘটনায় দায়ের করা এক মামলায় কক্সবাজারের সাবেক এমপি আবদুর রহমান বদিকে জামিন দিয়েছেন হাইকোর্ট। গতকাল বিচারপতি মো: আতোয়ার রহমান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের বেঞ্চ তাকে ছয় মাসের জামিন দেন। আব্দুর রহমান বদির পে শুনানি করেন আইনজীবী পূর্ণিমা জাহান। রাষ্ট্রপে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো: এমরান খান। ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো: এমরান খান গণমাধ্যমকে আদেশের বিষয়টি নিশ্চিত করেন।

এমরান খান বলেন, ‘এই মামলায় আবদুর রহমান বদিকে অর্থের জোগানদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। আমরা জামিনের বিরোধিতা করেছিলাম। হাইকোর্ট জামিন দিয়েছেন। এই জামিনের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে।’