চরমোনাই পীরের সম্মানে মনোনয়ন প্রত্যাহার জামায়াতেরz

Printed Edition
bangla-2
বরিশাল সদর আসনে মনোনয়ন প্রত্যাহারের পর সাংবাদিকদের সাথে কথা বলছেন জামায়াত নেতা মুয়াযযম হোসাইন হেলাল : নয়া দিগন্ত

বরিশাল ব্যুরো

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ (সদর-বরিশাল সিটি করপোরেশন) আসন থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির প্রার্থী ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। মঙ্গলবার বেলা ২টায় আনুষ্ঠানিকভাবে তিনি মনোনয়ন প্রত্যাহারপত্র জমা দেন।

মনোনয়ন প্রত্যাহারের শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করেছি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরের সম্মানে হাতপাখার প্রার্থীর পক্ষে কাজ করবে জামায়াতের নেতাকর্মীরা।

অ্যাডভোকেট হেলাল আরো বলেন, চরমোনাই পীরের প্রতি সম্মান জানিয়ে বরিশাল-৫ আসন থেকে আমরা প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছি। এ আসনে হাতপাখা প্রতীকের পক্ষে সক্রিয়ভাবে কাজ করব এবং নির্বাচনী প্রচারণা চালাব।

এ সময় উপস্থিত ছিলেন- বরিশাল মহানগর নায়েবে আমির প্রফেসর মাহমুদ হোসেন দুলাল, সেক্রেটারি মাওলানা মতিউর রহমান, জামায়াত নেতা অধ্যক্ষ হাবিবুর রহমান, অ্যাডভোকেট শাহে আলম, অ্যাডভোকেট সালাউদ্দিন মাসুম, শামীম কবিরসহ দলের অন্য নেতারা। রাজনৈতিক অঙ্গনে এ সিদ্ধান্ত বরিশাল-৫ আসনের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন স্থানীয়রা।