সরকারি নীতির প্রতিবাদে আরব ইসরাইলিদের বিক্ষোভ

Printed Edition

আনাদোলু

ইসরাইল সরকারের বৈষম্যমূলক নীতি এবং সম্প্রতি এক বসতি স্থাপনকারীর গুলিতে নিজেদের সম্প্রদায়ের এক সদস্যের হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ করেছেন শত শত আরব ইসরাইলি। বৃহস্পতিবার দেশটির দক্ষিণাঞ্চলের নেগেভ অঞ্চলে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

নেগেভের আরব নাগরিকদের জন্য গঠিত উচ্চতর স্টিয়ারিং কমিটিসহ বেশ কয়েকটি সংগঠনের ডাকে এই কর্মসূচি পালিত হয়। আসলোজ জংশনে অনুষ্ঠিত এই বিক্ষোভের মূল স্লোগান ছিল ‘মর্যাদা ও জীবনের অধিকার’।

গত সপ্তাহে মিসর সীমান্তের কাছে নিতজানা এলাকায় এক ইসরাইলি নাগরিকের গুলিতে নিহত হন ২২ বছর বয়সী আরব ইসরাইলি যুবক আইয়ুব আল-তৌখি। বিক্ষোভে অংশগ্রহণকারীরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান।

নেগেভের বীর হাদাজ গ্রামের বাসিন্দা আবু আসা সালেম আনাদোলু এজেন্সিকে বলেন, ‘ইসরাইলের অভ্যন্তরে ফিলিস্তিনিদের হত্যার নীতি প্রত্যাখ্যান করে সরকারের কাছে স্পষ্ট বার্তা দেয়াই আমাদের এই প্রতিবাদের লক্ষ্য।’ তিনি আরো উল্লেখ করেন, ‘জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের মতো মন্ত্রীদের উসকানিতেই এ ধরনের হত্যাকাণ্ড ঘটছে।’

এর আগে গত বুধবার পুলিশি অভিযানের মধ্যেই নেগেভের বেদুইন শহর তারাবিনে হানা দেন বেন-গভির। এক সপ্তাহের মধ্যে এটি ছিল সেখানে তার জোরপূর্বক প্রবেশের তৃতীয় ঘটনা। নেগেভের কয়েক ডজন অস্বীকৃত গ্রামে হাজার হাজার বেদুইন বসবাস করেন। অভিযোগ রয়েছে, ইসরাইলি কর্তৃপক্ষ তাদের পানি, বিদ্যুৎ, অবকাঠামো, স্কুল এবং চিকিৎসাসেবা থেকে বঞ্চিত করে রেখেছে। ২০২৩ সালের পরিসংখ্যান অনুযায়ী, আরব ইসরাইলিরা দেশটির মোট জনসংখ্যার প্রায় ২১ শতাংশ, যারা মূলত নেগেভ অঞ্চল এবং উত্তর ইসরাইলে বসবাস করেন।