গণভোট বাস্তবায়নের দাবিতে প্যারিসে এনসিপির মানববন্ধন

Printed Edition
back-5
প্যারিসে গণভোট বাস্তবায়নের দাবিতে এনসিপির মানববন্ধন : নয়াদিগন্ত

প্যারিস (ফ্রান্স) প্রতিনিধি

ফ্রান্সের রাজধানী প্যারিসে গণভোট দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স ফ্রান্স। স্থানীয় সময় রোববার ঐতিহাসিক লুক্সেমবুর্গ গার্ডেনসে আয়োজিত এ কর্মসূচিতে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশী অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন।

সমাবেশে তারা বলেন, জনগণের গণতান্ত্রিক অধিকার ও মতামতের যথাযথ প্রতিফলন নিশ্চিত করতে গণভোট একটি কার্যকর ও আধুনিক পদ্ধতি। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে জনগণের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করতে হলে দ্রুত গণভোট আয়োজনের বিকল্প নেই।

সংগঠনের আহ্বায়ক ইফতেসাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশ সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সদস্যসচিব কাওসার আহমেদ।

সভাপতির বক্তব্যে ইফতেসাম চৌধুরী বলেন, জনগণের মৌলিক অধিকার রক্ষায় আমরা রাজপথে নেমেছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আমাদের জোর দাবি অবিলম্বে কার্যকর উদ্যোগ নিয়ে গণভোটের পথ সুগম করা হোক।

মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন সংগঠনের নির্বাহী সদস্য মো: সাকিব হোসেন, মাজহারুল হক এবং সদস্য শাহজাহান আজিজ, ইমাদ উদ্দিন, আবু হুরায়রা, উজ্জ্বল হোসেন, ফেরদৌস আহমেদ ও আব্দুল্লাহ আফ্রিদি প্রমুখ। সমাবেশ চলাকালে অংশগ্রহণকারীরা বিভিন্ন দাবি-সংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন এবং শান্তিপূর্ণভাবে স্লোগান দেন।