ইউকেএম এমওইউ শিক্ষাকে আন্তর্জাতিক মানে উন্নীত করবে : ডুয়েট ভিসি

Printed Edition

গাজীপুর মহানগর প্রতিনিধি

গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) সাথে ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়ার (ইউকেএম) সম্ভাব্য সমঝোতা স্মারক (এমওইউ) সই নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ডুয়েটের সভাকক্ষে অনলাইনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন।

সভায় তিনি বলেন, এই উদ্যোগের মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে অ্যাকাডেমিক জ্ঞান বিনিময়, সমন্বিত গবেষণা এবং শিক্ষার্থীদের বৈশ্বিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি হবে। এতে ডুয়েটের শিক্ষাব্যবস্থা আরো আধুনিক, কর্মমুখী ও আন্তর্জাতিক মানসম্পন্ন হয়ে উঠবে । এই অংশীদারত্ব কেবল এক্সচেঞ্জ প্রোগ্রামেই সীমাবদ্ধ থাকবে না; বরং এটি হবে দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে মেধা, সৃজনশীলতা ও প্রযুক্তিগত উৎকর্ষের এক যৌথ যাত্রার সূচনা। ভবিষ্যতের উদ্ভাবনী ও টেকসই বাংলাদেশ গঠনে এই এমওইউ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ।

প্রস্তাবিত এমওইউর আওতায় যৌথ অ্যাকাডেমিক কার্যক্রম পরিচালনা, সমন্বিত গবেষণা, শিক্ষক-শিক্ষার্থী-গবেষক বিনিময়, পারস্পরিক জ্ঞান ও অভিজ্ঞতা শেয়ারিং, পাশাপাশি প্রশিক্ষণ, সেমিনার, সিম্পোজিয়াম ও কনফারেন্স আয়োজনের বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে।

আলোচনা সভায় প্রোভিসি ড. মো: আরেফিন কাওসার বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, পরিচালক ও রেজিস্ট্রারসহ সংশ্লিষ্ট শিক্ষক-কমকর্তারা উপস্থিত ছিলেন। ইউকেএমের পক্ষে স্পেস সায়েন্স সেন্টারের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ রাশেদ ইকবাল ফারুক আলোচনায় অংশ নেন।

উল্লেখ্য, ইউকেএম মালয়েশিয়ার অন্যতম শীর্ষস্থানীয় পাবলিক রিসার্চ বিশ্ববিদ্যালয়, যা ন্যাশনাল ইউনিভার্সিটি অব মালয়েশিয়া নামেও পরিচিত। মেডিসিন ও হেলথ সায়েন্স, ইঞ্জিনিয়ারিং ও বিল্ট এনভায়রনমেন্ট, ইকোনমিক্স ও ম্যানেজমেন্ট এবং আইটি ও সায়েন্স বিষয়ে প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক সুনাম রয়েছে।