১০০ ব্রেন টিউমার সার্জারির মাইলফলক

চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে নিউরোসার্জিক্যাল অপারেটিং মাইক্রোস্কোপ উদ্বোধন

Printed Edition

চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে একশটি ব্রেন টিউমার সার্জারির মাইলফলক উপলক্ষে এক বৈজ্ঞানিক সিম্পোজিয়াম এবং অত্যাধুনিক নিউরোসার্জিক্যাল অপারেটিং মাইক্রোস্কোপ উদ্বোধন করা হয়েছে। গতকাল হাসপাতালের কনফারেন্স হলে অনুষ্ঠিত এ সিম্পোজিয়ামে দেশের খ্যাতিমান নিউরোসার্জন, বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসক, হাসপাতালের পরিচালক এবং স্বাস্থ্যসেবা পেশাজীবীরা অংশ নেন। অনুষ্ঠানে ব্রেন টিউমারের আধুনিক চিকিৎসা, জটিল নিউরোসার্জিক্যাল অস্ত্রোপচারের অভিজ্ঞতা, প্রযুক্তিনির্ভর সার্জারির গুরুত্ব এবং ভবিষ্যৎ চিকিৎসার সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। হাসপাতালের এমডি ডা: এটিএম রেজাউল করিমের সভাপতিত্বে এবং ব্লাড ট্রান্সফিউশন বিভাগের কনসালট্যান্ট ডা: তানজিলা তাবিবের সঞ্চালনায় সিম্পোজিয়ামে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ডা: মো: কামাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন পার্কভিউ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিকের চেয়ারম্যান ডা: একেএম ফজলুল হক। প্রধান বক্তা হিসেবে নিউরোসার্জন ডা: ইসমাইল হোসেন বলেন, আধুনিক নিউরোসার্জিক্যাল অপারেটিং মাইক্রোস্কোপের ব্যবহার অস্ত্রোপচারের সূক্ষ্মতা, নিরাপত্তা এবং সফলতার হার উল্লেখযোগ্যভাবে বাড়ায়, যা রোগীর উন্নত চিকিৎসা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সিম্পোজিয়ামে প্যানেল অব এক্সপার্টস ছিলেন অধ্যাপক ডা: সাজ্জাদ মোহাম্মদ ইউসুফ, ডা: আনিসুল ইসলাম খান, ডা: সাইফুল আলম, ডা: মনজুরুল ইসলাম এবং অধ্যাপক ডা: মো: মুহিতুল ইসলাম। বিজ্ঞপ্তি।