ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডকে (ইসিবি) পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দেওয়া সফর বাতিলের হুমকির বিষয়ে তিনি ও তার দলের খেলোয়াড়েরা কিছুই জানতেন না বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধান কোচ সরফরাজ আহমেদ।
লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিনের মধ্যাহ্নভোজের বিরতিতে স্কাই স্পোর্টস পাকিস্তানের সাবেক অধিনায়ক ও প্রধানমন্ত্রী ইমরান খানের দুই ছেলে সুলেইমান ও কাসিম খানের একটি সাক্ষাৎকার সম্প্রচার করে। ইমরান খান গত তিন বছর ধরে কারাগারে রয়েছেন।
জানা গেছে, সাক্ষাৎকারটি সম্প্রচার করা হলে লর্ডস টেস্ট এবং তিন ম্যাচের পুরো সফরই বাতিল করার হুমকি দিয়েছিল পিসিবি। শেষ পর্যন্ত সাক্ষাৎকারটির একটি সংস্করণ সম্প্রচার করা হয় এবং বিরতির পর পাকিস্তানের খেলোয়াড়েরা মাঠে ফিরে ম্যাচ চালিয়ে যান।
দ্বিতীয় দিনের খেলা শেষে এ বিষয়ে প্রশ্ন করা হলে সরফরাজ বলেন, “আমি এ বিষয়ে কিছুই জানি না। আমি শুধু ম্যাচের দিকে মনোযোগ দিচ্ছি। আপনি কোন সাক্ষাৎকারটির কথা বলছেন? আমি সাক্ষাৎকারটি সম্পর্কে কিছুই জানি না।”
প্রথম দিনের বিকেলের সেশনে খেলোয়াড়েরা আদৌ মাঠে ফিরবেন কি না—এমন কোনো অনিশ্চয়তা ছিল কি না জানতে চাইলে পাকিস্তানের সাবেক এই উইকেটকিপার বলেন, “সবাই ঠিক আছে। ওই সময় আমরা মধ্যাহ্নভোজ করছিলাম।”
পাকিস্তানের কিংবদন্তি অলরাউন্ডার ইমরান খানের বয়স এখন ৭৩ বছর। পাকিস্তানের হয়ে তার আন্তর্জাতিক ক্যারিয়ার ছিল ২১ বছরের। ১৯৯২ সালে তার নেতৃত্বেই বিশ্বকাপ জেতে পাকিস্তান।
২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন ইমরান খান। ২০২৩ সাল থেকে দুর্নীতির মামলায় তিনি কারাগারে আছেন। তবে তার বিরুদ্ধে আনা অভিযোগ তিনি অস্বীকার করে আসছেন।
পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি একই সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বেও রয়েছেন।
সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল আথারটনের নেওয়া সাক্ষাৎকারে সুলেইমান ও কাসিম তাদের বাবার সঙ্গে কারাগারে করা আচরণ ও তার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। পাশাপাশি ইমরান খানের বিষয়ে যুক্তরাজ্য সরকারের ভূমিকারও সমালোচনা করেন।
মধ্যাহ্নভোজের বিরতির পর পাকিস্তানের খেলোয়াড়েরা মাঠে ফেরেন এবং টেস্টের দ্বিতীয় দিনের খেলা চালিয়ে যায়। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ৮১ রান। সব মিলিয়ে পাকিস্তানের চেয়ে ২৬১ রানে এগিয়ে রয়েছে ইংল্যান্ড।
সূত্র: বিবিসি।
অনুবাদ: রবিন শেখ, নয়া দিগন্তের ইন্টার্ন শিক্ষার্থী।