সাক্ষী না আসায় সালমান-আনিসুলের মামলার সাক্ষ্যগ্রহণ পেছাল

মোহাম্মদপুরে ৯ হত্যা মামলার শুনানি ২৬ এপ্রিলষ নিজস্ব প্রতিবেদক

Printed Edition

সাক্ষী উপস্থিত না হওয়ায় পলাতক শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষ্যগ্রহণ পিছিয়ে ২৭ এপ্রিল দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই দিনে পৃথক এক আদেশে, জুলাই অভ্যুত্থানে রাজধানীর মোহাম্মদপুরে ৯ জনকে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার অভিযোগ গঠনের শুনানিও দ্বিতীয় দফায় পিছিয়ে ২৬ এপ্রিল পুনর্নির্ধারণ করা হয়েছে।

গতকাল বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর সদস্য বিচারক মো: মোহিতুল হক এনাম চৌধুরীর একক বেঞ্চ এই তারিখ নির্ধারণ করে দেন।

সালমান-আনিসুলের মামলায় ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এম এইচ তামীম। তিনি এ মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আরো এক সপ্তাহ সময় চান। তার আবেদনের পরিপ্রেক্ষিতে নতুন দিন ঠিক করেন আদালত। প্রসিকিউশন সূত্র জানায়, সালমান-আনিসুলের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের দিনক্ষণ ঠিক থাকলেও অসুস্থতার কারণে হাজির হতে পারেননি সাক্ষী। এজন্য সাক্ষ্যগ্রহণ পেছানোর আবেদন করা হয়। গতকাল বুধবার সকালে এ মামলার দুই আসামিকেই কারাগার থেকে প্রিজনভ্যানে করে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। তবে সাক্ষ্য না হওয়ায় তাদের আবার কারাগারে নেয়া হয়।

মোহাম্মদপুরে ৯ হত্যা

এদিকে জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুরে ৯ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য কারাগারে থাকা চার আসামিকে গতকাল ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মোহাম্মদপুর থানা শাখার সভাপতি নাঈমুল হাসান রাসেল, সহসভাপতি সাজ্জাদ হোসেন, ওমর ফারুক ও ফজলে রাব্বি। এ মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকসহ মোট ২৮ জন আসামি রয়েছেন।

আদালতে শুনানিকালে প্রসিকিউশনের পক্ষে এক সপ্তাহের সময় চেয়ে আবেদন করেন প্রসিকিউটর গাজী এম এইচ তামীম। তিনি ট্রাইব্যুনালকে বলেন, ‘আমরা এক সপ্তাহ সময়ের আবেদন করছি। পরবর্তী তারিখে প্রথমে প্রসিকিউশন, পরে আসামিপক্ষ শুনানি উপস্থাপন করবে।’ এ সময় ট্রাইব্যুনাল আসামিপক্ষের বক্তব্য জানতে চাইলে তারা আসামিদের অব্যাহতি (ডিসচার্জ) চেয়ে আবেদন করবেন বলে আদালতকে জানান। উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত অভিযোগ গঠন নিয়ে শুনানির জন্য ২৬ এপ্রিল দিন ধার্য করেন। এর আগে গত ৮ এপ্রিল এ মামলায় অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল।

সেদিন আসামিপক্ষের আইনজীবীরা আদালতকে জানিয়েছিলেন, প্রসিকিউশন থেকে তাদের প্রয়োজনীয় কাগজপত্র সরবরাহ করা হয়নি। এ কারণে তারা সময় চাইলে আদালত ১৫ এপ্রিল দিন ঠিক করেন। বুধবার দ্বিতীয়বারের মতো এই শুনানি পেছাল। চলতি বছরের ১৮ জানুয়ারি প্রসিকিউশনের দেয়া আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে ২৮ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

তাদের মধ্যে রয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তৎকালীন মেয়র শেখ ফজলে নূর তাপস, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তৎকালীন কমিশনার হাবিবুর রহমান, পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ হাসান নূর ইসলাম রাষ্ট্রন।