ফেনীতে প্রবাসীর স্ত্রীকে হত্যা
২ জেলায় ৩ লাশ উদ্ধার
Printed Edition
নয়া দিগন্ত ডেস্ক
ফেনীর ফুলগাজীতে এক প্রবাসীর স্ত্রীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ছাড়া দিনাজপুর ও নাটোরে তিন লাশ উদ্ধার করেছে পুলিশ।
ফুলগাজীতে প্রবাসীর স্ত্রীকে খুন
ফেনী অফিস ও ফুলগাজী সংবাদদাতা জানান, ফেনীর ফুলগাজীতে চালের টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ তালবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম কাজল আক্তার (২৬), তিনি দক্ষিণ তালবাড়িয়ার কুয়েত প্রবাসী নুরুল আমিনের স্ত্রী। নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানাযায়, শুক্রবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা আধাপাকা ঘরের টিনের চাল কেটে ভেতরে প্রবেশ করে। এ সময় তারা প্রবাসীর স্ত্রী কাজল আক্তারের হাত-পা বেঁধে মাথায় ও গলায় আঘাত করে হত্যা করে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ সময় ঘরে তার তিন সন্তান ঘুমন্ত অবস্থায় ছিল।
নিহতের ভাসুর মাস্টার ইসমাঈল ফজরের নামাজ পড়তে ঘর থেকে বের হলে গোঙ্গানির শব্দ শুনে শোর চিৎকার করেন। এ সময় বাড়ির লোকজন এসে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ এসে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করে।
ফুলগাজী থানার ওসি এম এম মিজানুর রহমান বলেন, নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা কী কারণে ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে।
দিনাজপুরে মাদরাসাছাত্রের লাশ উদ্ধার
দিনাজপুর প্রতিনিধি জানান, দিনাজপুরের কাহারোল উপজেলার ঢেপা নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হওয়া মাদরাসাছাত্র মো: আল ইমরানের লাশ প্রায় ৩০ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ।
শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের মাকলা সাহা ঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত আল ইমরান ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার কালিয়াগাঁও গ্রামের আনারুল ইসলামের ছেলে। সে কাহারোল উপজেলার মুকুন্দপুর দারুল হাদিস সালাফিয়্যাহ মাদরাসা ও এতিমখানার দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল।
কাহারোল থানার ওসি মো: সেলিমুর রহমান সেলিম জানান, শুক্রবার বেলা ১১টার দিকে আল ইমরানসহ চার বন্ধু ঢেপা নদীর তীরে খেলাধুলা করতে যায়। একপর্যায়ে আল ইমরান নদীতে সাঁতার কাটতে নামলে সে নিখোঁজ হয়ে যায়। রংপুর থেকে ডুবুরি দল এসে উদ্ধারকাজে অংশ নেয়। তবে প্রথম দিনের চেষ্টায় তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে শনিবার বিকেলে নিখোঁজের প্রায় ৩০ ঘণ্টা পর রামচন্দ্রপুর ইউনিয়নের মাকলা সাহা ঘাট এলাকায় ভেসে ওঠা লাশ উদ্ধার করে পুলিশ।
নাটোরে পৃথক ঘটনায় ২ লাশ উদ্ধার
নাটোর প্রতিনিধি জানান, নাটোরে পৃথক দু’টি ঘটনায় সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের জংলি এলাকায় পুকুর থেকে কমল কুমার দাস (৩৯) নামে এক রিকশা চালকের ও ছাতনী ইউনিয়নের রায় আমহাটি নিজ বাড়ির সামনে থেকে মোতালেব হোসেন (৬৮) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত কমল কুমার দাস একই ইউনিয়নের লেংগুরিয়া মধ্যপাড়া মহল্লার মৃত হীরালাল দাসের ছেলে ও নিহত মোতালেব হোসেন একই গ্রামের ইদ্রিস আলী খানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় কমল কুমার দাস রিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি। রাতে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি স্বজনেরা। পরে রোববার সকাল সাড়ে ৯টার দিকে তেবাড়িয়া ইউনিয়নের জংলী ঈদগাঁহ মাঠসংলগ্ন একটি পুকুরে তার লাশ ভাসতে থাকে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
নিহত কমল দাসের ভাই অমল কুমার দাস জানান, ‘কমল মাঝে মধ্যে মদ সেবন করতো। গত রাতে মদ সেবনের পরিমাণ মনে হয় একটু বেশি করে ফেলেছিল। পরে একা বাড়িতে ফেরার সময় ঈদগাঁহ মাঠের পার্শের পুকুরে পড়ে গিয়ে উঠতে না পেরে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।
অপরদিকে শনিবার রাত ১০টার দিকে সদর উপজেলার ছাতনী ইউনিয়নের রায় আমহাটি গ্রামে মোতালেব হোসেন(৬৭) নামে এক বৃদ্ধের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহতের ছোট ছেলে চুন্নু আলম জানান, ‘তার বাবা মোতালেব হোসেন নিজেই নিজের গলায় ধারালো ছুরি দিয়ে কেটে আত্মহত্যা করেছে।
নাটোর সদর থানার ওসি মো: মনসুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ দু’টি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর আধুনিক জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।