সংরক্ষিত নারী আসন ১১ দলীয় জোটের ১৩ প্রার্থী চূড়ান্ত
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য ১১ দলীয় নির্বাচনী ঐক্যের মনোনীত ১৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। মঙ্গলবার সকালে আগারগাঁওস্থ নির্বাচন কমিশন কার্যালয়ে প্রার্থীদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দেন জোটের অন্যতম শীর্ষ নেতা ও সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ। মনোনয়ন জমা শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি জোটের লক্ষ্য ও প্রার্থীদের পরিচয় তুলে ধরেন।
ড. আযাদ জানান, ১১ দলীয় জোটের পক্ষ থেকে জুলাই বিপ্লবের শহীদ জাবির ইব্রাহীমের মা রোকেয়া বেগমকে মনোনয়ন দেয়া হয়েছে। তিনি বলেন, ‘বর্তমান পার্লামেন্ট জুলাইয়ের শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে আছে। তাই শহীদ পরিবারের পক্ষ থেকে এই মনোনয়ন আমাদের প্রতিশ্রুতির অংশ।’ মনোনয়ন পাওয়া অন্য প্রার্থীরা হলেন- নুরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নী, নাজমুন নাহার নীলু, অধ্যাপক মাহফুজা হান্নান, সাজেদা সামাদ, শামছুন্নাহার বেগম, ইঞ্জিনিয়ার মারদিয়া মমতাজ, মনিরা শারমিন, ডা: মাহমুদা আলম মিতু, ব্যারিস্টার তাসমিয়া প্রধান এবং ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম।
জামায়াতে ইসলামীর আমিরের স্ত্রী সাবেক সংসদ সদস্য হওয়া সত্ত্বেও কেন এবার মনোনয়ন পেলেন না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ড. হামিদুর রহমান আযাদ বলেন, ‘এটি দলের নীতিগত সিদ্ধান্ত। আমাদের নীতিমালা অনুযায়ী এক পরিবার থেকে দুইজন সংসদ সদস্য থাকবেন না। এছাড়া আমিরের স্ত্রীর চেয়েও অনেক যোগ্য ও হেভিওয়েট নারী নেতৃত্ব আমাদের দলে রয়েছেন। দেশ পরিচালনার জন্য সেই যোগ্যতাসম্পন্ন প্রার্থীদেরই আমরা মূল্যায়িত করেছি।’
ব্রিফিংয়ে জানানো হয়, শরিক দলগুলোর প্রতি ছয়টি আসনের বিপরীতে একটি করে আসন বণ্টন করা হয়েছে। জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), এনসিপি ও বাংলাদেশ খেলাফত মজলিসসহ শরিকদের সবাইকে যথাযথ মূল্যায়ন করা হয়েছে। সংরক্ষিত নারী আসনের প্রার্থীরা সংসদে নারী অধিকার ও জনস্বার্থে সোচ্চার থাকবেন বলে জোট নেতারা আশা প্রকাশ করেন।
মনোনয়ন পাওয়ার পর জুলাই শহীদের মা রোকেয়া বেগম বলেন, ‘আমি ১৪০০ শহীদ পরিবার এবং ২০ হাজার আহত যোদ্ধাদের প্রতিনিধি হিসেবে সংসদে তাদের অধিকারের কথা বলব।’
জাগপা সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান এবং এনসিপির ডা: মাহমুদা আলম মিতু তাদের বক্তব্যে জামায়াতে ইসলামীর রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষার প্রশংসা করেন। অন্যদিকে, মহিলা বিভাগের সেক্রেটারি অধ্যক্ষ নূরুন্নেসা সিদ্দিকা বলেন, নারীরা এখন শুধু সংসারে নয়, সংসদ ও রাজপথ- উভয় জায়গাতেই অধিকার আদায়ের সংগ্রামে সক্রিয় থাকবে।
মনোনয়নপত্র জমা দেয়ার সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা ইউসুফ আশরাফ, প্রকৌশলী রাশেদ প্রধান, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ও অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দসহ জোটের শীর্ষ নেতৃবৃন্দ।