রাজনীতিবিদদের নৈতিক নেতৃত্ব চাইলে হ্যাঁ ভোট দেবেন : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

Printed Edition
back-3
নীলফামারীতে গণভোটের প্রচারণায় বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান : পি

নীলফামারী প্রতিনিধি

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, পানিসম্পদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পরিবর্তন আনতে হলে একই মানুষ, একই শাসনাবস্থা, একই আইন কানুন রেখে পরিবর্তন আসবে না। পরিবর্তনটা কী প্রক্রিয়ায় আনা যায় সে জন্য সরকার বিভিন্ন ক্ষেত্রে সংস্কার কমিশন করেছে। এর মধ্য থেকে ছয়টা সংস্কার কমিশন যারা সরাসরি ভোটের সাথে জড়িত, ক্ষমতার ভারসাম্যের সাথে জড়িত, জবাবদিহিতার সাথে জড়িত, তাদের যে সুপারিশগুলো ছিল, সেই সুপারিশগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হয়েছে। সেখান থেকে ১২টা বিষয় নিয়ে চারটি প্রশ্ন গোলাপী কাগজে ভোটারকে দেয়া হবে। যদি পরিবর্তনের পক্ষে থাকেন, যদি সংস্কারের পক্ষে থাকেন, যদি জবাবদিহিতামূলক প্রশাসন চান, জবাবদিহিতামূলক নৈতিক নেতৃত্ব চান তাহলে আপনারা হ্যাঁ ভোটে অবশ্যই সিল দেবেন।

তিনি গতকাল বিকেলে নীলফামারী শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বিগত নির্বাচনগুলোতে সব জায়গায় এমনভাবে লোক বসানো হয়েছিল যেন সাধারণ মানুষ ভোট দিতে না পারে, যেন নির্বাচন কমিশন রাতের ভোটের ব্যাপারে কোনো কথা বলতে না পারে। প্রশাসনের সবখানে ছিল তারা ও তাদের মামুরা। নিরপেক্ষতার কোনো সুযোগ ছিল না। এ জন্য সংস্কার প্রয়োজন। এ ধরনের প্রশাসনের হাত থেকে যদি মুক্তি চান তাহলে আমাদের ভোট কেন্দ্রে গিয়ে হ্যাঁ ভোট দিতে হবে।

তিনি আরো বলেন, আমরা যেন ভোট দিতে না পারি, সে জন্য নানা ধরনের ভয়ভীতি দেখানো হবে, সঙ্ঘাত সৃষ্টি করা হবে। এতে কোনো লাভ হবে না। ভোটের সব প্রস্তুতি শেষ। যত বাধা আসুক না কেন , সরকার প্রস্তুত আছে। সব বাধা মোকাবেলা করে নির্ধারিত সময়েই ভোট হবে।

তিনি বলেন, হ্যাঁ ভোট দিলে তত্ত্বাবধায়ক সরকার বাধ্যতামূলক হবে। হ্যাঁ ভোট দিলে সংবিধান ইচ্ছামতো পরিবর্তন করা যাবে না। নির্বাচন কমিশনে নিজের লোক বসাতে পারবে না। হ্যাঁ ভোট দিলে সব ধর্মের মানুষের মর্যাদা বৃদ্ধি পাবে, নারীর মর্যাদা বৃদ্ধি পাবে। হ্যাঁ ভোট দিলে বিচার বিভাগের পরিবর্তন হবে, নির্বাচন ব্যবস্থার পরিবর্তন আসবে, দলীয় প্রশাসন থাকবে না। তত্ত্বাবধায়ক সরকার বহাল থাকবে।

শহীদ হাদি সম্পর্কে তিনি বলেন, হাদির মৃত্যু গোটা দেশকে স্তম্ভিত করেছে। তার জানাজায় লাখ লাখ মানুষের উপস্থিতি প্রমাণ করে সে কতটা জনপ্রিয় ছিল। হাদিকে ভালোবাসত বলেই এত মানুষ তার জানাজায় অংশ নিয়েছে। বর্তমান সরকার হাদির হত্যা বিচারে অঙ্গীকারবদ্ধ। আমরা চার্জশিট জমা দিয়েছি। আইনি প্রক্রিয়া দ্রুত শুরু হবে।

নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকারের পরিচালক (যুগ্ম সচিব) মো: আবু জাফর বক্তব্য রাখেন। আরো বক্তব্য রাখেন- পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, নীলফামারী সেনাবাহিনী ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার মেজর মাহমুদ শরীফ, জেলা নির্বাচন কর্মকর্তা মো: লুৎফুল কবির সরকার ও নীলফামারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আলিফ সিদ্দিক প্রান্তর।

মতবিনিময় সভার আগে জেলা প্রশাসনের কার্যালয় থেকে উপদেষ্টার নেতৃত্বে গণভোট প্রচারে জেলা শহরে এক বিশাল শোভাযাত্রা বের করা হয়। সেখানে বেলুন উড়িয়ে শোভাযাত্রাটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মতবিনিময় সভার স্থান জেলা শিল্পকলা অডিটোরিয়ামে এসে শেষ হয়।