সিরাজগঞ্জ-২ আসনে দাঁড়িপাল্লার জোয়ার গণসংযোগে বাড়ছে প্রার্থীর জনপ্রিয়তা
Printed Edition
সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মো: জাহিদুল ইসলামের গণসংযোগে ব্যাপক সাড়া পড়েছে। নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে দাঁড়িপাল্লা প্রতীকের জনপ্রিয়তা। প্রতিদিন বিভিন্ন এলাকায় আয়োজিত উঠান বৈঠকে সাধারণ মানুষের অংশগ্রহণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে।
জামায়াত প্রার্থীর উঠান বৈঠকগুলোতে নারী, পুরুষ ও যুবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। স্থানীয়দের মতে, দীর্ঘ দিন পর সিরাজগঞ্জ-২ আসনে এমন উৎসবমুখর ও প্রাণবন্ত নির্বাচনী পরিবেশ সৃষ্টি হয়েছে। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার বিকেল ৩টায় সিরাজগঞ্জ শহরের তেলকুপি দারুস সুন্নাত দাখিল মাদরাসা মাঠে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জ শহর জামায়াতের ৪ নম্বর ওয়ার্ডের তেলকুপি ইউনিটের উদ্যোগে আয়োজিত এই বৈঠকে সভাপতিত্ব করেন স্থানীয় জামায়াত নেতা আবদুল হাই শেখ।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো: শহিদুল ইসলাম। তিনি বলেন, দেশে ন্যায়বিচার, সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য ইসলামী নেতৃত্বের বিকল্প নেই। আগামী নির্বাচনে জনগণ দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে সেই পরিবর্তনের পক্ষে রায় দেবেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ শহর জামায়াতের আমির মাওলানা আব্দুল লতিফ। আরো বক্তব্য রাখেন- শহর জামায়াতের সেক্রেটারি মাওলানা মোস্তফা মাহমুদ, সহ-সেক্রেটারি হাফিজুল ইসলাম, খোকসাবাড়ী ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি রাজু আহমেদ, জামায়াত নেতা আবু কাওসার তালুকদারসহ স্থানীয় নেতারা।
বক্তারা বলেন, দীর্ঘ দিন ধরে সাধারণ মানুষ বৈষম্য, দুর্নীতি ও দুঃশাসনের শিকার। জনগণ এখন পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের প্রতীক হিসেবে দাঁড়িপাল্লার পক্ষে জনমত ক্রমেই শক্তিশালী হচ্ছে। উঠান বৈঠক শেষে তেলকুপি এলাকার ৫১ জন যুবক আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামিতে যোগদান করেন এবং মাঠে থেকে জামায়াত মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।